কলকাতা: কলকাতা হাই কোর্ট নির্দেশ দিতেই গত শুক্রবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ প্রায় ১৫ ঘণ্টা তল্লাশির পর কার্যত খালি হাতেই ফিরতে হয় তাঁদের৷ সিবিআই বাড়ি ছাড়তেই রাতে লোক ডেকে মাংসভাত খাইয়েছিলেন তাপস! কিন্তু, রেহাই এখনও মেলেনি৷ এবার তেহট্টের তৃণমূল বিধায়ককে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চলতি সপ্তাহেই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর৷ অপর একটি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই তেহট্টের বিধায়ক নিজাম প্যালেসেও আসতে পারেন।
গত শুক্রবার, দুপুরে তাপসের তেহট্টের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই-এর ১২ জন আধিকারিক তল্লাশি চালান তাপসের বাড়ি ও কার্যালয়ে৷ পাশাপাশি তাঁর আপ্তসহায়ক প্রবীর কয়ালের বাড়ি, এমনকি, বাড়ির পাশে পুকুরপাড়েও তল্লাশি অভিযান চালানো হয়৷ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাপসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে অভিযোগ৷ সেই অভিযোগের প্রেক্ষিতেই তাপসের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই গোয়েন্দারা৷ পাশাপাশি তাপসকে জিজ্ঞাসাবাদও করা হয়। পর দিন ভোর সওয়া ৬টা পর্যন্ত অভিযান চালায় সিবিআই৷ প্রায় ১৫ ঘণ্টা অভিযান চালিয়ে তাপসের বাড়ি থেকে কিছু নথি উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সেই নথি ও তাপসের দুটি মোবাইল সঙ্গে করে নিয়ে যান তাঁরা। তবে তাপসকে সেদিন গ্রেফতার করা হয়নি। পরে তাপস দাবি করেন, সিবিআই নাকি তাঁকে বলেছে, তিনি ‘রাজনৈতিক চক্রান্তের শিকার’। যদিও সিবিআই-এর তরফে এহেন দাবির কোনও আনুষ্ঠানিক সত্যতা মেলেনি। এরই মধ্যে এবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হল তাপসকে।
সিবিআই সূত্রে খবর, তাপসের বাড়ির সংলগ্ন পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ মিলেছে। সেই সব আধপোড়া নথির নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে সিবিআই। তবে তাপসকে সেই নথিসংক্রান্ত বিষয়ে তলব করা হয়নি। সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহে কর্নাটক এবং রাজ্যের ছ’টি জায়গায় তল্লাশি চালিয়েছিল কিছু নথি উদ্ধার করা হয়েছে। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাপসকে তলব। প্রসঙ্গত, তাপসের ছেলে সাগ্নিক কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে থাকেন। শনিবার তাঁকেও বেঙ্গালুরুতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন