কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগে আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই৷ তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা৷ রাজ্যের দুর্নীতি দমন শাখার হাত থেকে তদন্তভার গেল সিবিআই-এর হাতে৷ অবিলম্বে পুলিশকে কেস ডায়েরি সহ নথি হস্তান্তরের নির্দেশ আদালতের৷ তাপস সাহা সহ বাকিদের বিরুদ্ধেও তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্দেশ বিচারপতি মান্থার৷
চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে৷ মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ,এই মামলার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অবিলম্বে পুলিশকে এই মামলা সিবিআই-এর হাতে হস্তান্তর করতে হবে। গত বছর প্রথম তাপসের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযোগ, বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন তেহট্টের বিধায়ক। ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে তাপসের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
মঙ্গলবার হাই কোর্টের নির্দেশের পর তিওয়ারি বলেন, ‘‘প্রাইমারি (প্রাথমিক), আপার প্রাইমারি (উচ্চ প্রাথমিক), এসএসসি, দমকল, ডব্লিউবিসিএস, আইসিডিএস-সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি করেছেন তাপস সাহা৷ পুলিশের দুর্নীতি দমন শাখা তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাপসের আপ্ত সহায়ককে গ্রেফতার করা হয়। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। এক বছর ধরে এই মামলায় চার্জশিট দেওয়া হয়নি। এই মামলায় কেন তাপসকে ডাকা হয়নি, আদালতের সামনে তার কোনও সদুত্তর দিতে পারেনি তদন্তকারীরা। এর পরই রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে মামলার ভার তুলে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি মান্থা।’’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন