বড়ঞা: পুকুরের জল ছেঁচে উদ্ধার হয়েছে একটি মোবাইল৷ দ্বিতীয়টির খোঁজে চলছে চিরুনি তল্লাশি৷ কী ভাবে সিবিআই-কে দেখে পরই কৌশলে নিজের দু’টি মোবাইল পুকুরে ছুড়ে ফেলেছিলেন বড়ঞার বিধায়ক? কোন পথে কী ভাবে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ সাহা? তৃণমূল বিধায়ককে বাড়ির ছাদে তুলে সেই ঘটনাবলির পুনর্নির্মাণ করল সিবিআই। গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করা হল।
পুকুরের জল ছেঁচে একটি ফোন উদ্ধারের পরই বিধায়ককে নিয়ে বাড়ির ছাদে ওঠেন সিবিআই আধিকারিকরা। প্রথমে উদ্ধার হওয়া মোবাইল দেখিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়, এটা তাঁরই ছুড়ে ফেলা মোবাইল কিনা? তিনি মোবাইলটি শনাক্ত করেন। এরপর ছাদে দাঁড়িয়ে গত দু’দিনের উল্লেখযোগ্য ঘটনাবলির পুনর্নির্মাণ করা হয়। মোবাইল ছুড়ে ফেলে যে ভাবে পালানোর চেষ্টা করেছিলেন, তা আবার করে দেখাতে বলা হয়। জীবনকৃষ্ণ সাহা যা যা করে দেখিয়েছেন, তার সবটাই ভিডিয়ো রেকর্ডিং করে রাখা হয়েছে বলে সূত্রের খবর।
শুক্রবার রাতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যখন গুরুত্বপূর্ণ নথির খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই, সেইসময় বড়ঞার বিধায়ক বাড়ির পিছনের পুকুরে তাঁর নিজের দু’টি ফোন জলে ফেলে দেন। ৩২ ঘণ্টা পর রবিবার সকালে একটি ফোন উদ্ধার হতেই তৃণমূল বিধায়ককে ছাদে নিয়ে যাওয়া হয়। ছাদে দাঁড়িয়ে গোটা ঘটনাটি ‘অভিনয়’ করে দেখান জীবনকৃষ্ণ সাহা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন