নয়াদিল্লি: করোনা নিয়ে নতুন করে চিন্তা বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছিল। তবে এত দ্রুত পরিস্থিতি বদলে যাবে তা হয়তো বোঝা যায়নি। দেশের সংক্রমণ কয়েক সপ্তাহে ভালই বৃদ্ধি পেয়েছে। এবার পশ্চিমবঙ্গেও একই চিত্র ধরা পড়ল। ফের একবার বঙ্গে ১০০ ছাড়িয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
শেষ রিপোর্ট অনুযায়ী, শেষ চার মাস পর গত শুক্রবার রাজ্যে সংক্রামিতের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছিল। গতকাল অর্থাৎ রবিবারের হিসাব অনুযায়ী, এ রাজ্যে বর্তমানে মোট ১২৭ জন করোনা আক্রান্ত। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে দেশে শনিবার ভারতে মোট ৩ হাজার ৮০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা ছ'মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাভাবিকভাবেই আম জনতার মধ্যে এই নিয়ে উদ্বেগ বেড়েছে। আবার কি তাহলে মাস্ক, স্যানিটাইজার নিয়ে কড়াকড়ি হবে? আবার কি লকডাউন স্মৃতি ফিরবে? এক কথায়, না। বিশেষজ্ঞরা স্পষ্ট করছেন যে এমন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পরিস্থিতি এখনও অতটা ভয়ানক হয়নি। যদিও বাংলায় চিন্তা থাকছে কলকাতাকে নিয়ে। কারণ নতুন সংক্রমণের মধ্যে ৪০ শতাংশই তিলোত্তমার বাসিন্দা।
দেশের কোভিড চিত্র কিঞ্চিৎ অন্যরকম তো বটেই। জানা গিয়েছে, গত ২৬ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে ১৮ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ভারতে। এক সপ্তাহে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। তাই চিকিৎসকদের পরামর্শ, সচেতনতা ভুললে চলবে না। আগের মতো সচেতন হয়েই চলতে হবে সাধারণকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন