সর্বভারতীয় পরীক্ষায় শীর্ষে বাংলার, IIT জ্যামে প্রথম নৈহাটির রূপাঞ্জন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

সর্বভারতীয় পরীক্ষায় শীর্ষে বাংলার, IIT জ্যামে প্রথম নৈহাটির রূপাঞ্জন

 



নৈহাটি: সর্বভারতীয় পরীক্ষায় ফের সাফল্যের শিখরে বাংলা৷ আইআইটি গুয়াহাটি ইনস্টিটিউটের অধীনে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট মাস্টার্স (JAM) ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিকসে প্রথম স্থান অধিকার করে নজির গড়লেন নৈহাটির যুবক রূপাঞ্জন মুখোপাধ্যায়। ২৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান দখল করেন তিনি। কী ভাবে এল সাফল্য? 


নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র রূপাঞ্জন, ছোট থেকেই মেধাবী। বাড়ি নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গিরিশ ঘোষাল রোডে৷ বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় পেশায় শিক্ষক। IIT JAM-এ ১০০-র মধ্যে ৫৯ নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান অধিকার করেন তিনি।


রূপাঞ্জনের বাবা বাণিজ্য বিভাগের গৃহশিক্ষক৷ তিনি নিজের হাতে বহু ছাত্রকে তৈরি করেছেন৷ মৃত্যুঞ্জয়বাবু জানান, ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী৷ কিন্তু, সে যে  IIT JAM-এর মতো সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করবেন, সেটা ভাবতে পারেননি। স্বাভাবিকভাবে ছেলের সাফল্যে আপ্লুত রূপাঞ্জনের বাবা-মা৷ 


রূপাঞ্জনের মা রূপালী মুখোপাধ্যায় বলেন, ‘‘ও যেন জীবনে সফল হয়, সেই প্রার্থনাই করব। আমার ছেলে জীবনে যে পথে এগোতে চায়, এগোক। আমরা ওঁর পাশে আছি। অন্যান্য বাবা-মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, সন্তনদের ভালো কাজে সব সময় তাঁদের উৎসাহিত করুন। তাঁদের চলার পথে পাশে থাকুন।"


রূপাঞ্জনের বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আমার ছেলে পড়াশোনায় আগাগোড়াই ভালো ছিল। আমার অনেক ছাত্র-ছাত্রী রয়েছে, যারা জীবনে সাফল্য পেয়েছে। বাবা হিসেবে তো বটেই, রূপাঞ্জনের শিক্ষক হিসেবেও আজ আমার অত্যন্ত গর্বের দিন।" 


রূপাঞ্জন বলেন,‘‘ভালো ফল হবে সেটা আশা করেছিলাম। উত্তরপত্র প্রকাশিত হওয়ার পর, তা মিলিয়ে বুঝেছিলাম ১০-এর মধ্যে থাকব। কিন্তু, প্রথম হব ভাবতে পারিনি।” 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন