কলকাতা: স্কুল থেকে দমকল, রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগ ভূরি ভূরি৷ শিক্ষক পদ থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি, দমকল, পুরসভা সর্বত্র দুর্নীতি হয়েছে৷ কিন্তু তা বলে আমলা নিয়োগে? হ্যাঁ, টাকার বিনিময়ে ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষায় পাশ করানোর টোপ দিয়েছিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা! কারচুপি করে রাজ্যের পদস্থ আমলার পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাপস ও তাঁর প্রাক্তন আপ্তসহায়ক প্রবীর কয়ালের বিরুদ্ধে। রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা প্রবীর কয়ালের কাছ থেকে এই সংক্রান্ত কিছু নথিও উদ্ধার করে। সেই নথি হাতে এসেছে সিবিআই-এর৷ গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তাঁরা৷
সিবিআই সূত্রে দাবি, শুধু শিক্ষা ক্ষেত্রেই দুর্নীতি নয়, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে নিয়োগের ক্ষেত্রেও লেনদেন চলেছে। দুর্নীতি পৌঁছে গিয়েছে ডব্লুবিসিএস-এৎ মতো পরীক্ষার স্তরেও৷ এমনই অভিযোগ উঠছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ও তাঁর আপ্তসহায়কের বিরুদ্ধে। এই ব্যাপারে রাজ্য পুলিশের হাতে বেশ কিছু নথিও এসেছিল।
আরও অভিযোগ, নদিয়া ও সংলগ্ন জেলা থেকে প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য টাকা তোলা হয়েছিল। পাশাপাশি দমকল ও স্বাস্থ্য দফতরের বিভিন্ন পদে নিয়োগের জন্যেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ। রাজ্যের আবগারি দফতরে নিয়োগের নথি মিলেছে তাপস সাহার প্রাক্তন আপ্তসহায়ক প্রবীর কয়ালের বাডি থকে। প্রবীরের হাওড়ার শ্যামপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে হাতে আসে কৃষি দফতরের নথিও। এখানেই শেষ নয়৷ রাজ্য সরকারের বিভিন্ন দফতরে নিয়োগের জন্য বায়োডাটা নেওয়া হয়েছিল প্রার্থীদের কাছ থেকে৷ সে সবও উদ্ধার করে রাজ্য পুলিশের গোয়েন্দারা৷ সেই নথিগুলি খতিয়ে দেখছে সিবিআই৷
তেহট্টের বেতাইয়ের বাসিন্দা এক ব্যক্তির রাজ্য পুলিশের গোয়েন্দাদের জানিয়েছিলেন, একটি সূত্র মারফত তিনি প্রবীর কয়ালের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। প্রবীর নাকি তাঁকে আশ্বাস দিয়ে বলেছিলেন, তাপস সাহা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি৷ তিনি দিনকে রাত আর রাতকে দিন করতে পারেন! তিনি ওই ব্যক্তির ভাইপোকে টাকার বিনিময়ে ডব্লুবিসিএস পরীক্ষায় পাশ করানোর প্রতিশ্রুতিও দেন। এমনকী, পরীক্ষায় পাশ করার পর ওই যুবক যাতে ভাল জায়গায় পোস্টিং পান, সেই ব্যবস্থাও করে দেওয়া হবে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন