কলকাতা: বাজারে নামী ব্র্যান্ডেড যা ওষুধ পাওয়া যায়, তার অন্তত ১০ শতাংশই ভেজাল! আমতা জাল ওষুধ কাণ্ডের কাটাছেঁড়া করতে গিয়ে তদন্তকারীরা যতই গভীরে যাচ্ছেন, ততই উঠে আসছে চমকে দেওয়া তথ্য। ভেজাল ওষুধের কারবারিরা জালিয়াতিটাকে একেবারে শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছে। ফলে কপালের ভাঁজ চওড়া হচ্ছে ড্রাগ কন্ট্রোলের কর্তাদের। ব্যাচ নম্বর থেকে স্ট্রিপ, সবই নিখুঁতভাবে নকল করে ফেলছে জালিয়াতরা। জানা যাচ্ছে, দেশে এই মুহূর্তে শুধু নামী ব্র্যান্ডের জাল ওষুধেরই কারবার ২০ হাজার কোটি টাকারও বেশি!
ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, বর্তমানে দেশে ওষুধের বাজার ৫ লক্ষ কোটি টাকার। তার প্রায় ২ লক্ষ কোটি টাকার ব্যবসাই নামী ব্র্যান্ডের। আমতা কাণ্ডের তদন্তে ওষুধ শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য পেশাদারের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাঁরা জেনেছেন, এখন ব্র্যান্ডেড ওষুধের এই ২ লক্ষ কোটি টাকার বাজারে মিশে আছে অন্তত ১০ শতাংশ জাল ওষুধ। টাকার অঙ্কে এর পরিমাণ কমপক্ষে ২০ হাজার কোটি। জেনেরিক এবং ব্র্যান্ডেড জেনেরিক ওষুধের মধ্যে ভেজালের পরিমাণ ধরলে টাকার অঙ্ক আরও বাড়বে। তবে এখন সবচেয়ে বেশি জাল হচ্ছে নামী কোম্পানির ব্র্যান্ডেড ওষুধই, জেনেরিক নয়।
সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রেশার, সুগার, হার্ট, আগুনে পোড়া সহ একাধিক সমস্যার ভেজাল ওষুধের তদন্তে উঠে আসা তথ্যগুলি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের (সিডিএসিও) শীর্ষকর্তাদের জানিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তাঁরা আশা করছেন, বাংলার ভেজাল ওষুধ কাণ্ডে যেভাবে বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ একের পর এক রাজ্যের কানেকশন জানা যাচ্ছে, আন্তঃরাজ্য টাস্ক ফোর্স গঠন করবার প্রয়োজনীয়তা বাড়ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন