মেদিনীপুর: মেদিনীপুর শহরের বাসিন্দারা বহুদিন ধরেই যানজট সমস্যায় ভুগছেন। অনেক রাস্তায় যানজটের জেরে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। এবার জেলা প্রশাসন এই সমস্যা মেটাতে একগুচ্ছ পদক্ষেপ করেছে। যানজট এড়াতে ৮০কোটি টাকা ব্যয়ে চারটি রাস্তা সংস্কার করা হচ্ছে। এর মধ্যে দু’টি রাস্তা সম্প্রসারিত হবে। বাকি দু’টি রাস্তারও কিছু অংশ চওড়া করা হবে। এছাড়া, বিভিন্ন এলাকায় রাস্তার ধারে বিশেষ সাইনবোর্ড বসানো হচ্ছে।
মেদিনীপুরের বাসিন্দারা জানান, সকালে ব্যস্ত সময়ে ১০মিনিটের রাস্তা যেতে ২০মিনিটের বেশি সময় লাগে। এর ফলে খুবই সমস্যায় পড়তে হয়। রাস্তা চওড়া হলে যানজট অনেকটাই কমবে। তবে শহরজুড়ে টোটো চলাচলও নিয়ন্ত্রণ করা দরকার।
মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, পথসুরক্ষা নিয়ে একাধিক বৈঠক হয়েছে। নানা পরিকল্পনা করা হচ্ছে। বেশকিছু রাস্তা সংস্কার চলছে। আশা করছি, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পর সমস্যা অনেকটাই মিটবে।
মেদিনীপুর শহরের সিপাইবাজার থেকে কেরানিতলা অবধি রাস্তা সংস্কার হচ্ছে। এতে প্রায় ১৪কোটি টাকা খরচ হচ্ছে। শহরের ফ্লাইওভার থেকে গোপগড় অবধি রাস্তা সংস্কারের পাশাপাশি চওড়া করা হচ্ছে। এই প্রকল্পের জন্য প্রায় ৩০কোটি টাকা খরচ হচ্ছে। এছাড়া, শহরের জর্জ কোর্ট থেকে আমতলা অবধি রাস্তা সংস্কার ও চওড়া করা হবে। এতে প্রায় ৬ কোটি টাকা খরচ হবে। গড়বেতা-১ ব্লকের ধাধিকা মোড় থেকে কল্যাণচক পর্যন্ত রাস্তা ৩০কোটি টাকায় সংস্কার হবে। মূলত যে সমস্ত এলাকায় যানজট সমস্যা রয়েছে, সেখানেই রাস্তা সংস্কার করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন