কলকাতা: মুসলিম বিধায়কদের নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুক্রবার একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। সরকারপক্ষের মুখ্যসচেতক নির্মল ঘোষের আনা ওই প্রস্তাবে অভিযোগ করা হয়েছে, সাংবিধানিক পদে থেকেবিরোধী দলনেতার ওই বক্তব্যে দেশের সাম্প্রদায়িক এবং স্বাভাবিক কাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে।
বিরোধী দলনেতা তাঁর মন্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে পবিত্র রমজান মাসে এক ধরণের ভয়ের মনোভাব তৈরি করেছেন।' নির্মল ঘোষের আনা প্রস্তাব বিধানসভায় পাস হয়েছে। যেখানে বলা হয়েছে যে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উক্ত মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং জাতি, ধর্ম, লিঙ্গ এবং সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিক এবং সংবিধানে বর্ণিত তাঁদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য সংকল্পবদ্ধ।
মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, 'তৃণমূল বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। ওদের দলের যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।' এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। বুধবার সেই মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে তেতে ওঠে বিধানসভা। শুভেন্দুর নাম না করে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন