কলকাতা: বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ সহ অন্যান্য অনুকূল পরিস্থিতি থাকার জন্য বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে ঝড়বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়নি।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ শুক্রবার ও কাল শনিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় এক বা একাধিক দফায় ঝড়বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। দু’দিনই দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। রবিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্র ও শনিবার বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি জেলার বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সব জেলাতেই তাপমাত্রা কমেছে। কিছুটা মেঘলা আকাশের জন্য কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (৩২ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন