রেশনে স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ মার্চ, ২০২৫

রেশনে স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ

 


কলকাতা: দীর্ঘদিন ধরে অব্যবহৃত রেশন কার্ডগুলি রাজ্য সরকারের তরফে সাময়িকভাবে ‘ব্লক’ বা নিষ্ক্রিয় করে রাখা শুরু হয়েছিল বছর চারেক আগে। এর মাধ্যমে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসার পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাঁচিয়ে সরকারি তহবিলের অর্থের সাশ্রয় হয়েছে। এখন কেন্দ্রীয় সরকারও রাজ্যের দেখানো এই পথে যেতে চাইছে। রেশন ব্যবস্থা পরিচালনায় পশ্চিমবঙ্গসহ সব রাজ্যের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক। তার মধ্যে কয়েকটি বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানালেও রেশন কার্ড নিষ্ক্রিয় রাখার ব্যাপারে রাজি থাকার কথা লিখিতভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রকে। 

রাজ্য সরকারগুলির কাছে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব পাঠায় তাতে বলা হয়েছে, যেসব গ্রাহক ছ’মাস ধরে রেশনের খাদ্যসামগ্রী তুলবেন না তাঁদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হোক। এরপর ওই গ্রাহকদের তিনমাস সময় দিতে হবে। ওইসময়ের মধ্যে গ্রাহকরা প্রয়োজনীয় নথি পেশ এবং ‘ই-কেওয়াইসি’ করলে রেশন কার্ড ফের চালু হবে। প্রসঙ্গত, আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের ‌ই-কেওয়াইসি সম্পন্ন করা হয়। 

রাজ্য খাদ্যদপ্তর ২০২৪ সালের আগস্ট যে ‘পিডিএস কন্ট্রোল অর্ডার’ কার্যকর করেছে তাতে অবশ্য বলা হয়েছে, কোনও রেশন গ্রাহক দু’মাস ধরে খাদ্য সামগ্রী সংগ্রহ না করলে তাঁর কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর ছ’মাসের মধ্যে ওই গ্রাহক কার্ড সক্রিয় না করলে তাঁর কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে। খাদ্যদপ্তরের স্থানীয় অফিস এমনকী রেশন দোকানের ই-পস মেশিনের মাধ্যমে গ্রাহক আধারের বায়োমেট্রিক যাচাই করিয়ে কার্ড যাতে ফের চালু করতে পারেন, সেই ব্যবস্থা রাজ্যে চালু হয়েছে। তবে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, কার্ড ব্লক করার বিষয়টি গ্রাহকদের সরাসরি জানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। এটা না থাকার জন্য অনেকে ন্যায্য গ্রাহক খাদ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এটা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকা দরকার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন