বারাসত: দেগঙ্গা থানার বামনডাঙায় শুক্রবার দুপুরে দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে গেল মদ ভর্তি একটি পিক আপ ভ্যান। তার জেরে বিদেশি মদের সিংহভাগ বোতল ভেঙে যায়। তবে, তারমধ্যে কিছু বোতল ভালো থাকায় সেগুলি কুড়ানোর জন্য হুড়োহুড়ি ফেলে দেন সুরাপ্রেমীরা। কেউ পকেটে, কেউ ব্যাগে মদের বোতল ভরে নিয়ে এলাকা ছাড়েন। এই খবর চাউর হতেই দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় জমান। সবারই লক্ষ্য, ভাঙা কাচের টুকরো সরিয়ে ভালো বোতল কব্জা করা। তবে, পুলিস ও আবগারি দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে উৎসুক জনতাকে সরিয়ে দেন। ফলে অনেককেই খালি হাতে ফিরে যেতে হয়।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মছলন্দপুর-বসিরহাট রোড ধরে মছলন্দপুর দিকে আসছিল বিদেশি মদ বোঝাই একটি পিক আপ ভ্যান। মাঝপথে বামনডাঙার কাছে গাড়ির সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। সেই কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি । এর ফলে অধিকাংশ বোতল ভেঙে গিয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতলের পেটি। তার মধ্যে কিছু পেটি ও বোতল ভালো থাকায় তা কুড়ানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পুলিস জানিয়েছে, গাড়ির চালক ও খালাসির তেমন কোনও ক্ষতি হয়নি। জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গাড়িতে প্রায় ১০ লক্ষ টাকার নামী ব্র্যান্ডের ফরেন লিকার ছিল।-নিজস্ব চিত্র

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন