মালদহ: জেলায় সক্রিয় জাল ওষুধ চক্র। বিশেষ নজর কালিয়াচকের দিকে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কালিয়াচককে কেন্দ্র করে একটি জাল ওষুধ চক্র তৈরি হয়েছে । চাঞ্চল্যকর এমন তথ্য হাতে আসতেই নড়েচড়ে বসেছে মালদহ জেলা প্রশাসন। জেলাশাসকের নির্দেশে ইতিমধ্যেই গঠন করা হয়েছে টাস্কফোর্স। তড়িঘড়ি ডাকা হয় জেলা ক্রেতা সুরক্ষা কাউন্সিলের বৈঠক। সেখানে আলোচনা করে জাল ওষুধের বিরুদ্ধে অভিযানে নামার ব্লু প্রিন্টও তৈরি করেছে প্রশাসন। জাল ওষুধের কারবার রুখতে খুব শীঘ্রই পুলিস, স্বাস্থ্যদপ্তর, ড্রাগ কন্ট্রোলকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে নামতে চলেছে প্রশাসন।
মালদহে জাল ওষুধের কারবার স্বীকার করে নিয়েছেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়াও। তিনি বলেন, জাল ওষুধের কারবার রুখতে ব্যাপক অভিযান চালানো হবে। এজন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। আচমকা পরিদর্শন চালানো হবে।
মালদহে জাল ওষুধের কারবার রুখতে বৃহস্পতিবার দফায় দফায় বৈঠকে বসে জেলা প্রশাসন। প্রথম বৈঠকটি হয় জেলা ক্রেতা সুরক্ষা কাউন্সিলের। এরপর আলাদা করে ড্রাগ ইন্সপেক্টর, পুলিস এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে দ্বিতীয় বৈঠকটি করেন জেলাশাসক এবং পুলিস সুপার। একটি কমিটি গঠন করে দিয়েছে রাজ্য সরকার। পরে সেই কমিটিও আলাদা করে বৈঠকে বসে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন