কাঁথি: উৎসবের আবহের সঙ্গে জুড়েছে উইক-এন্ড। আগামীকাল, শুক্রবার দোল। শনিবার হোলি এবং রবিবার ছুটি। টানা তিনদিনের ছুটিতে দীঘা, মন্দারমণি, তাজপুর সহ উপকূলের পর্যটন কেন্দ্রগুলিতে ব্যাপক ভিড় হবে বলে আশাবাদী হোটেল-লজ ব্যবসায়ীরা। ৩০এপ্রিল দীঘার জগন্নাথধাম উদ্বোধন। তার আগে চলতি সপ্তাহে দোল উৎসবে সবচেয়ে বেশি একটানা ছুটি রয়েছে। এই সময় লক্ষ্মীলাভ হবে, এমনটাই আশা পর্যটনের সঙ্গে যুক্ত হোটেল-লজ ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীদের।
এমনিতেই প্রতি বছর দোলের সময় দীঘা পর্যটকের ভালোই ভিড় হয়। তার উপর এবার পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে দোল উৎসব অন্য মাত্রা যোগ করতে চলেছে। ১৪মার্চ জমজমাট উৎসব হবে জাহাজবাড়ি সংলগ্ন ঘাটে। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, দীঘায় হোটেল-লজ মিলিয়ে ৬০শতাংশের বেশি বুকিং হয়ে গিয়েছে। আশা করছি, তিনদিন পর্যটকের ভিড়ে কানায় কানায় ভরে উঠবে দীঘা।
এদিকে ব্যাপক ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে ২৮এপ্রিল বিকেল থেকেই দীঘা শহরের মধ্যে যানচলাচল নিষিদ্ধ করার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৩০এপ্রিল জগন্নাথধামের উদ্বোধনের সময় পর্যটকদের ভিড় কতটা হবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন হোটেল-লজ মালিকরা। প্রশাসনিক আধিকারিকদের অনুমান, জগন্নাথধাম উদ্বোধনের সন্ধিক্ষণের সাক্ষী হতে প্রচুর মানুষ এপ্রিলের শেষ সপ্তাহে ভিড় জমাবেন। দীঘায় নথিভুক্ত হোটেল-লজের সংখ্যা ৮০০। আর ছোট-বড় মিলিয়ে সেই সংখ্যাটা দেড় হাজার ছাড়িয়েছে। শুধু পর্যটক ও দর্শনার্থী নয়, প্রশাসনের লোকজনও থাকবেন। আমন্ত্রিত অতিথি এবং মন্ত্রী-আমলারাও থাকবেন। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে হোটেলের চার-পাঁচটি করে রুম বুকিং করে রাখা হচ্ছে। ফলে হোটেলগুলিতে সাধারণ পর্যটকের জন্য থাকার রুমের সংখ্যা কমবে। ঝামেলা এড়াতে বেশিরভাগ পর্যটক আগেভাগেই দীঘায় চলে আসতে চাইবেন বলে অনেকে মনে করছেন। যদিও প্রশাসনিক আধিকারিকরা আশ্বস্ত করছেন, পর্যটকদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না।
হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাসবাবু বলেন, ৩০এপ্রিল জগন্নাথধাম উদ্বোধনের সময়টার জন্য প্রশাসনের পক্ষ থেকে বুকিং শুরু হয়েছে। তবে গাড়ি চলাচল বন্ধ হলে পর্যটকরা জগন্নাথধাম দর্শনে কীভাবে আসবেন সেটাই আমাদের কাছে এখন থেকেই চিন্তার বিষয়। প্রশাসনিক আধিকারিকরা নিশ্চয়ই এনিয়ে কিছু ভাবছেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন