কলকাতা: কলকাতা সহ শহরাঞ্চলের মানুষের কাছে অ্যাপভিত্তিক ক্যাব ও বাইক পরিষেবা নতুন কিছু নয়। স্মার্টফোনে কয়েকবার আঙুল ছোঁয়ালেই বাড়ির সামনে চলে আসছে চারচাকা গাড়ি বা বাইক। দ্রুত পৌঁছে দিচ্ছে গন্তব্যে। অটোর ক্ষেত্রেও এবার তেমনই পরিষেবা মিলতে চলেছে। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে দুয়ারে ডেকে নেওয়া যাবে অটো। আপাতত কলকাতা সংলগ্ন শহরাঞ্চল বা বৃহত্তর কলকাতায় পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে।
পরিবহণ সংক্রান্ত একাধিক বেসরকারি সংস্থা এই পরিষেবা চালু করতে চেয়ে রাজ্য সরকারের পরিবহণ দপ্তরে আবেদন করেছে। তার ভিত্তিতে সম্প্রতি বৃহত্তর কলকাতার বেশ কিছু অটো ইউনিয়ন, পুলিস সহ বিভিন্ন পক্ষকে নিয়ে একটি বৈঠক করে পরিবহণ দপ্তর। সেখানেই ‘দুয়ারে অটো’র পাইলট প্রজেক্ট শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে খবর। তবে এক্ষেত্রে ইউনিয়নগুলির মতামত ও স্থানীয় পুলিস-প্রশাসনের চূড়ান্ত ছাড়পত্র নেওয়া হবে বলে ঠিক হয়েছে। পরিকাঠামোগত কিছু প্রস্তুতির জন্য কয়েকমাস সময় লাগবে। সব কিছু ঠিকঠাক থাকলে দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলায়ও শুরু হবে এই পরিষেবা।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রবিবার বলেন, ‘গোটাটাই এখন পরিকল্পনার স্তরে রয়েছে। প্রযুক্তিকে আমরা ইতিবাচকভাবে ব্যবহার করতে চাই। যাত্রী বা চালক, কাউকেই আর হন্যে হয়ে অপেক্ষা করতে হবে না।’ কয়েক বছর আগেও অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে যাত্রীদের অনেক অভিযোগ আসত। ‘যাত্রীসাথী’ অ্যাপ চালু হওয়ার পর সেই অভিযোগ অনেকটা কমেছে। সেই সূত্রে আগামী দিনে অটো পরিষেবা ‘যাত্রীসাথী’র আওতায় আসতে পারে বলেও জানিয়েছেন পরিবহণমন্ত্রী।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন