বেঙ্গালুরু: ‘আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।’ শুক্রবার জেরার মুখে ভেঙে পড়লেন সোনা পাচারের অভিযোগে ধৃত কন্নড় অভিনেত্রী রন্যা রাও। ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) সূত্রে এমনই জানা গিয়েছে। এমনকী তদন্তকারীদের একের পর এক প্রশ্নের উত্তরে বাবরার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন কন্নড় অভিনেত্রী।
শুরুতেই তাঁর একাধিকবার দুবাই যাত্রার উপর নজর ছিল তদন্তকারী অফিসারদের। গত একবছরে প্রায় ৩০ বার পাড়ি দিয়েছেন দুবাইয়ে। এবার জেরায় আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুধু দুবাই নয়। ইউরোপ, আমেরিকা, পশ্চিম এশিয়ার ৪৫টির বেশি দেশে গিয়েছেন তিনি। আর এটাই রীতিমতো ভাবাচ্ছে তদন্তকারীদের। রন্যার হাতে এই মুহূর্তে তেমন কোনও সিনেমা ছিল না। বিশেষ কোনও কাজ বা চাকরিও করতেন না। তাহলে কেনই বা ঘন ঘন বিদেশ যাত্রা করেছেন?
তাহলে কি নেপথ্যে কোনও আন্তর্জাতিক পাচার চক্র কাজ করছে? তিনি সরাসরি জড়িত নাকি কেউ বাধ্য করেছে এই কাজ করতে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রন্যার ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খুলেছেন কর্ণাটকের মহিলা কমিশনের প্রধান নাগালক্ষ্মী চৌধুরী। ওই ছবিতে দেখা যাচ্ছে রন্যার চোখ ফোলা ও চোখের নীচে কালশিটে দাগ। তিনি বলেছেন, রন্যার তরফে কোনও অভিযোগ এলেই এ বিষয়ে তাঁকে সাহায্য করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন