নয়াদিল্লি: ২০২৫ সালে নরওয়ের হোলবার্গ পুরস্কার পাচ্ছেন সাহিত্য সমালোচক ও বিশিষ্ট তাত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। হিউম্যানিটিজ, সমাজ বিজ্ঞান, আইন বা ধর্মতত্ত্ব বিষয়ক গবেষণা ক্ষেত্রে এই পুরস্কার নোবেলের সমতুল। গায়ত্রী স্পিভাকের পুরস্কার প্রাপ্তিতে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডলে শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আন্তর্জাতিক পর্যায়ে আরও একটি সর্বোচ্চ সম্মান পাওয়ার জন্য আমি অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে শুভেচ্ছা জানাই। চলতি বছরে তিনি আর্টস ও হিউম্যানিটিজের সর্বোচ্চ সম্মান হিসেবে পরিচিত নরওয়ের হোলবার্গ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাঁর এই সম্মান আমাদেরও গর্বিত করেছে। তত্ত্ব ও দর্শনে অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। কিন্তু বাংলার প্রত্যন্ত গ্রামে গরীব মানুষদের নিয়ে তাঁর কাজ আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। এছাড়াও বাংলার ধ্রুপদী সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করার বিষয়টি আমাদের অনুপ্রেরণা জোগায়।
১৯৪২ সালে কলকাতায় জন্ম গায়ত্রীর। কলকাতা ও আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক তিনি। তুলনামূলক সাহিত্য, অনুবাদ, নিম্নবর্গের ইতিহাস, মহিলাদের অধিকার, সামাজিক,
রাজনৈতিক তত্ত্ব ও দর্শন নিয়ে গবেষণা এবং অধ্যাপনার স্বীকৃতি হিসাবে
হোলবার্গ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে গায়ত্রীকে। আগামী ৫ জুন নরওয়ের
বার্গেন বিশ্ববিদ্যালয়ে তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে। পুরস্কারের
অর্থমূল্য ৫ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় তা প্রায় সাড়ে ৪
কোটি টাকা)। পুরস্কার কমিটির চেয়ার হেইক ক্রিগার বলেন, বুদ্ধিজীবী ও
সমাজকর্মী হিসেবে পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর
মধ্যে স্বাক্ষরতা প্রসারের জন্য লড়াই করছেন। তাঁর এই অদম্য লড়াইকেই
কুর্নিশ জানানো হল এই পুরস্কারের মাধ্যমে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন