পোর্ট ভিলা: বিতর্ক তৈরি হওয়ায় ললিত মোদির পাসপোর্ট বাতিল করে দিল ভানাতু। আইপিএলের প্রতিষ্ঠাতা ললিতকে সম্প্রতি নাগরিকত্ব দিয়েছিল প্রশান্ত মহাসাগরের এই ছোট্ট দ্বীপরাষ্ট্র। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত ললিত ভারতে প্রত্যর্পণ এড়াতেই ভানাতুর নাগরিকত্ব নিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে উঠতেই ভানাতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট তাঁর দেশের সিটিজেনশিপ কমিশনকে ললিতের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেন।
ভানাতুর প্রধানমন্ত্রী নাপাট বলেছেন, কেউ প্রত্যর্পণের হাত থেকে বাঁচতে নাগরিকত্ব চাইলে, তা বৈধ কারণ হিসেবে গ্রাহ্য করা হবে না। সম্প্রতি যে সব তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে ললিতের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে। ললিতের নাগরিকত্বের আবেদন গ্রহণ করা উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।
ভানাতুর নাগরিকত্ব পাওয়া নিশ্চিত হওয়ার পর ললিত ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দেওয়ার জন্য লন্ডনের ভারতীয় হাইকমিশনে আবেদন করেছিলেন। আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে লন্ডনেই বসবাস করেন ললিত। ভানাতুর পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতও যদি আবেদন মেনে তাঁর পাসপোর্ট বাতিল করে দেয়, তাহলে তিনি ব্রিটেনে ‘বেআইনি বসবাসকারী’ হিসেবে চিহ্নিত হবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন