কলকাতা: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটের আয়তনে বদল আসতে চলেছে। এই মুহূর্তে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বিক্ষিপ্তভাবে চালু আছে এই রুট। আইআইএম জোকা কর্তৃপক্ষের অনুরোধে এবার প্রান্তিক স্টেশন আরও দক্ষিণে পিছিয়ে যেতে চলেছে। দেশের অন্যতম সেরা আইআইএম প্রতিষ্ঠানের দোরগোড়ায় হচ্ছে নতুন স্টেশন।
সূত্রের দাবি, আইআইএম জোকার আবেদন গ্রহণ করেছে মেট্রো রেল। সেই মতো প্রস্তাবিত জোকা স্টেশন নির্মাণ শুরুর প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়াও শুরু হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর আপত্তিতে ধর্মতলার ময়দান মার্কেটের নীচে মেট্রো স্টেশন নির্মাণ ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছিল। প্রান্তিক স্টেশন এসপ্ল্যানেডের অবস্থানগত জটিলতা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে রফাসূত্র বের করার চেষ্টা চলছে। তার মাঝে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম ও আকাশবাণী ভবনের মূল প্রবেশদ্বারের উল্টোদিকের মাঠে নতুন একটি স্টেশন তৈরির পরিকল্পনা হয়েছে। ‘ইডেন গার্ডেন’ নামে পরিচিত হবে প্রস্তাবিত ওই স্টেশন। গঙ্গাসাগরের সময় মাঠে ভিন রাজ্যের তীর্থযাত্রীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করে রাজ্য সরকার। সেনাবাহিনীর আওতায় থাকা ওই জমিতে মেট্রো স্টেশন নির্মাণের জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্র প্রয়োজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন