নয়াদিল্লি: ৩০০ জন যাত্রীর জন্য ব্যবহারযোগ্য শৌচাগার মাত্র একটি। আর এহেন অব্যবস্থার জেরেই গন্তব্যে রওনা দিয়েও মাঝপথে ফিরতে হলো এয়ার ইন্ডিয়ার শিকাগো থেকে দিল্লিগামী বিমান ‘এআই ১২৬’-কে।
জনপ্রিয় এভিয়েশন ওয়েবসাইট ‘ভিউ ফ্রম দ্য উইং’ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ৬ মার্চের। এয়ার ইন্ডিয়ার ওই বিমানে ১২টি শৌচাগার থাকলেও মাত্র একটিই ব্যবহারযোগ্য অবস্থায় ছিল। তা সত্ত্বেও শিকাগো থেকে ৩০০ যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় এআই ১২৬। মাঝআকাশে যাত্রীরা শৌচালয়ের অব্যবস্থার বিষয়টি বুঝতে পারেন। ইতিউতি চাপা ক্ষোভ-বিক্ষোভও দেখাতে শুরু করেন কয়েকজন। অবশেষে যাত্রীদের কথা ভেবেই বিমান শিকাগোয় ফিরিয়ে নিতে যেতে রাজি হয় কর্তৃপক্ষ। ততক্ষণে অবশ্য প্রায় সাড়ে চার ঘণ্টা সফর করে গ্রিনল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছিল বিমানটি। ফলে সেখান থেকে শিকাগো ফিরতেও ওই একই সময় লেগে যাওয়ায় সবমিলিয়ে প্রায় দশ ঘণ্টার দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
বিমানের মধ্যে যাত্রীদের অসন্তোষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে সেখানে কমেন্টও করেন উদ্ধব শিবিরের শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। যদিও এই শৌচালয় সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমান সংস্থার মুখপাত্র বিবৃতি জারি করে জানান, যান্ত্রিক গোলযোগের কারণেই মাঝপথে বিমানটিকে শিকাগো ফিরিয়ে আনা হয়। যাত্রীদের থাকা-খাওয়া সহ তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়। তবে ‘ভিউ ফ্রম দ্য উইং’ তাদের প্রতিবেদনে এক যাত্রীর বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, বিমানে শুধু বিজনেস ক্লাসের একটি শৌচালয় ছাড়া সবক’টি এতটাই নোংরা হয়েছিল যে, সেগুলি ব্যবহার করা যায়নি। তাই যাত্রী অসন্তোষ এড়াতেই বিমান ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন