কলকাতা: শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা অন্তত ৪০ ডিগ্রি ও স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি হলে তাকে ‘তাপপ্রবাহ পরিস্থিতি’ বলা হয়।
পশ্চিমাঞ্চলের জেলাগুলির অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রির আশপাশে ছিল। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা (২৫.১ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি ছিল।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই দফায় কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রির আশপাশে আসতে পারে। উত্তর-পশ্চিম ও পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া আসার কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন