কলকাতা: ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজ্য বিজেপি সভাপতি হিসেবে তিন বছরের কার্যকালের মেয়াদ শেষ করেছেন সুকান্ত মজুমদার। তারপর ছ’মাস কেটে গেলেও পরবর্তী বঙ্গ বিজেপি সভাপতির নাম চূড়ান্ত করতে পারেনি গেরুয়া শিবির। একইভাবে তৃণমূলের সাংগঠনিক বদল ঘিরেও জল্পনা চরমে উঠেছে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ে সাম্প্রতিক অতীতে একাধিকবার দলে সম্ভাব্য পরিবর্তনের বার্তা দিয়েছেন। একইভাবে পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক, জেলা, রাজ্য সহ সর্বস্তরে নেতৃত্বের বদল হুঁশিয়ারি দিয়েছেন। ডায়মণ্ডহারবারের জোড়াফুল এমপি’র সেই মনবাসনা প্রায় বছর খানেক আটকে রয়েছে। সবমিলিয়ে রাজ্যের শাসক ও প্রধান বিরোধীদলের সংগঠনে অমূল পরিবর্তন আসন্ন। কিন্তু অদৃশ্য কোনও কারণে তা কার্যকর হচ্ছে না। তৃণমূল-বিজেপি দুই দলের অন্যতম শীর্ষ নেতৃত্বের দাবি, জল মাপার পর্ব চলছে। উভয়পক্ষই অপেক্ষা করছে কে আগে এই রদবদল কার্যকর করে। তারপর দেখেশুনে রাজনৈতিক বাধ্যবাধকতার দিকগুলি মূল্যায়ণ করে অপরপক্ষ দলে নয়া নেতৃত্বকে তুলে আনবে।
এ প্রসঙ্গে তৃণমূলের এক প্রভাবশালী নেতা বলেন, বিজেপি আসন্ন বিধানসভা ভোটে ধর্মীয় মেরুকরণের তাস আরও জোড়াল ভাবে খেলবে। ফলে আমাদের আরও সতর্কভাবে পা ফেলতে হবে। ওদের তরফে নানা রকমের উস্কানিমূলক অভিসন্ধি মোকাবিলায় স্থানীয়স্তরের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। কারণ, অপ্রীতিকর ঘটনায় প্রাথমিকভাবে এলাকাবাসীর উপর তার সরাসরি প্রভাব পড়ে। সেই সূত্রে ব্লক কিংবা জেলা পর্যায়ে দক্ষ নেতা-নেত্রীর উপর দায়িত্ব দেওয়া জরুরি। বিজেপির ‘সংগঠন পর্ব’ শেষ হলেই আমাদের রদবদল প্রক্রিয়া শুরু হবে। প্রায় একই সুর শোনা গিয়েছে পদ্ম শিবিরের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর এক নেতার।
কটাক্ষের সুরে তিনি বলেন, পিসি-ভাইপো বহুদিন ধরেই দলে বিভিন্ন পর্যায়ে অদলবদলের কথা বলছেন। অথচ তা হচ্ছে না। তৃণমূলের নিজেদের কোন্দলে গোটা প্রক্রিয়া আটকে রয়েছে বলেও জানান তিনি। ২০২৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে কঠিন লড়াই দেওয়ার জন্য বিজেপির প্রস্তুতি শুরু করে দিয়েছে বলেও জানান তিনি। এক্ষেত্রে বিজেপি পার্টিতে আশু পরিবর্তনের বিষয়ে গোপনে খবরাখবর নেওয়া হচ্ছে বলে দাবি করেন ওই গেরুয়া নেতা। এক্ষেত্রে আগেভাগে বিজেপির পরিবর্তিত নেতৃত্বের ঠিকুজি জেনে নিজেদের ঘুঁটি সাজানোর কৌশল নিয়েছে জোড়াফুল শিবির, অভিমত ওই নেতার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন