কলকাতা: শনিবার রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে সরাসরি বিমান পরিষেবা না থাকায়, দুবাই হয়ে লন্ডন পৌঁছবেন তিনি। আবার হিথরোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কিছুটা হেরফের হয়েছে তাঁর সফরসূচিতে। শনিবার সকালের বদলে কলকাতা থেকে রাতের উড়ানে রওনা দিলেন তিনি। এই পরিস্থিতিতে বিদেশ সফরের আগে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলে যান, দেশের বাইরে থাকলেও, তিনি ক্রমাগত রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খবর রাখবেন এবং কোনওরকম অসুবিধে হলে তা তিনি দেখে নেবেন। ‘বাংলার মা মাটি মানুষকে’ শান্তিতে থাকার বার্তা দিয়ে লন্ডনের পথে রওনা দেন মমতা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, তাঁর সরকার কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিদ্যুৎ বিপর্যয়ের জেরে শুক্রবার হিথরো বিমানবন্দরে ব্যাহত হয় প্লেন ওঠা নামা। এর কারণে মাঝে তাঁর গ্যাটউইক বিমানবন্দরে নামার কথা থাকলেও, শেষমেশ তিনি হিথরোতেই নামবেন বলেই ঠিক হয়েছে। এই ঘটনার উল্লেখ করে, মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আপনারা জানেন আমাদের সকালেই ফ্লাইট ছিল। কিন্তু সব ক্যানসেল হয়েছে। সব প্রোগ্রামই প্রায় ডিস্টার্ব হয়ে গিয়েছে। যাইহোক আমাদের অনেকগুলি বিজনেস মিটিং, অক্সফোর্ডে ভাষণ সহ একাধিক প্রোগ্রাম আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। সেই কারণেই আমাদের যেতে হচ্ছে। খুব হেকটিক হয়ে গেল। মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে। যাতায়াত করতে সারা রাত সফর করতে হবে। আসার সময়েও সকালে এসে পৌঁছব দুবাইয়ে। সেখান থেকে বিকেলের ফ্লাইট ধরে কলকাতায় ফিরব।’ তার পরেই সরাসরি বিমান পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্যই এই অসুবিধে। আমরা অনেক চেষ্টা করছি। দেখা যাক।’ সোমবার তিনি ভারতীয় হাই কমিশনের বৈঠকে যোগ দেবেন।
মঙ্গলবার লন্ডনে বসবে বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে একাধিক আন্তর্জাতিক শিল্পপতির উপস্থিতির কথা রয়েছে। রাজ্যের একাধিক শিল্পপতিও যোগ দেবেন। বাংলার শিল্পবান্ধব পরিস্থিতির কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলোগ কলেজে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন বৃহস্পতিবার। কর্মসূচিগুলি সেরে শুক্রবার লন্ডন থেকে কলকাতার পথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন