আমেদাবাদ: শ্রেয়স আয়ার বনাম শুভমান গিল। মঙ্গলবার মোতেরায় পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্সের লড়াই এভাবেই চিহ্নিত হচ্ছে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যে দু’জনেই রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। শ্রেয়স ছিলেন টিম ইন্ডিয়ার সর্বাধিক রানসংগ্রহকারী। আর বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলেন গিল। তবে আইপিএলে লড়াইটা একেবারেই অন্য। তাই চ্যালেঞ্জও আলাদা।
শ্রেয়স যেমন গত মরশুমের আইপিএল জয়ী ক্যাপ্টেন। কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাঁকে রাখেনি। নিলামে ২৬.৭৫ কোটি টাকায় ডানহাতি ব্যাটারকে নেয় পাঞ্জাব। নিজেকে প্রমাণের তাগিদ রয়েছে অভিমানী শ্রেয়সের। কোচ হিসেবে রিকি পন্টিংয়ের সঙ্গে জুটিতে পাঞ্জাবকে প্রথমবার ট্রফি এনে দিতে মরিয়া শ্রেয়স। জস ইংলিশ, প্রভসিমরান সিং রয়েছেন ব্যাটিং বিভাগে। অলরাউন্ডার হিসেবে স্টোইনিস, ম্যাক্সওয়েল ছাড়াও জানসেন, ওমারজাই, শশাঙ্ক সিং, মুশির খান আছেন স্কোয়াডে। পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন অর্শদীপ সিং। সঙ্গী পেসাররা হলেন লকি ফার্গুসন, কুলদীপ সেন, যশ ঠাকুর। স্পিন বিভাগে রয়েছেন যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার।
গুজরাতের ব্যাটিং আবার নির্ভরশীল গিল এবং জস বাটলারের ওপেনিং জুটির উপর। আছেন সাই সুদর্শন, শাহরুখ খান, শেরফান রাদারফোর্ডরাও। অলরাউন্ডার হিসেবে গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান আছেন স্কোয়াডে। পেস বিভাগের দায়িত্বে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েৎজি, ইশান্ত শর্মা। আর স্পিনে রশিদের সঙ্গী সাই কিশোর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন