খাস কলকাতার ১৪টি মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

খাস কলকাতার ১৪টি মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরি

 




কলকাতা: বেহালা, ঠাকুরপুকুর, সরশুনা, পর্ণশ্রী এলাকায় মাত্র দেড় মাসের ব্যবধানে একের পর এক চুরির অভিযোগ। সবক’টি ক্ষেত্রেই টার্গেট এলাকার মন্দিরের প্রণামী বাক্স। শেষমেশ প্রায় পঞ্চাশটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করল পর্ণশ্রী থানা। ধৃতের নাম সমীর হালদার ওরফে জোজো (২২)। বুধবার হাওড়ার দাসনগর থেকে তাকে পাকড়াও করেন তদন্তকারীরা। যুবকের থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৫ হাজার টাকা। এদিন আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।  

পুলিস সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি পর্ণশ্রী থানা এলাকার জাগরণী মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে চুরি হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে পুলিস। খোঁজখবর নিতেই তদন্তকারীদের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। শুধু ওই মন্দিরই নয়, আশপাশের তিনটি থানা এলাকা মিলিয়ে মোট আরও ১৩টি মন্দিরে চুরির অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা যায়, প্রতিটি ক্ষেত্রেই ‘অপারেশন’এর সময় রাত ১টা থেকে ভোর ৩টের মধ্যে। ওই দু’ঘণ্টাতেই মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে নোট ও কয়েন আলাদা আলাদা করে ব্যাগে ঢুকিয়ে নিত অভিযুক্ত। ফুটেজ থেকে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিস। পর্ণশ্রীর হো চি মিন সরণীতে খোঁজখবর নিয়ে তদন্তকারীরা জানেন ১০ বছর আগে ওই এলাকাতেই থাকত জোজো। ২০১৫ সালে এলাকা ছেড়ে হাওড়ার দাসনগরে চলে যায় সে। মঙ্গলবার গভীর রাতে সেখানে হানা দেন তদন্তকারীরা। ধৃতের বাড়ি থেকে পাওয়া যায় ১, ২, ৫, ১০ টাকার কয়েন ও ২০ টাকার নোট। জেরায় ধৃতের দাবি, পর্ণশ্রী থানা এলাকায় থাকার জেরে সব মন্দির তার চেনা। অর্থের অনটনে মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে চুরির ছক কষে সে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন