লোকসভা নির্বাচনী প্রচারে কত কোটি টাকা খরচ করেছে তৃণমূল-বিজেপি? টাকা পরিমাণ চমকে দেবে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

লোকসভা নির্বাচনী প্রচারে কত কোটি টাকা খরচ করেছে তৃণমূল-বিজেপি? টাকা পরিমাণ চমকে দেবে




নয়াদিল্লি: বিজেপি একা ৪৫ শতাংশ, বাকি ২১টি রাজনৈতিক দল ৫৫ শতাংশ। গত লোকসভা নির্বাচন ও চারটি বিধানসভা নির্বাচনে ২২টি রাজনৈতিক দল মিলে খরচ করেছে প্রায় ৩ হাজার ৯০০ কোটি টাকা! ভোটের প্রচারে কত টাকা খরচ করা হয়েছিল, তার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিল দলগুলি। সেই তথ্য কমিশন নিজেদের ওয়েবসাইটে আপলোড করে। সেই তথ্য বিশ্লেষণ করতে একটি সমীক্ষা চালিয়েছিল কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ নামে একটি সংস্থা। তাতেই উঠে এসেছে নির্বাচনে বিপুল খরচের বিষয়টি। 

লোকসভা নির্বাচনে সব দল যা খরচ করেছে, তার মধ্যে সবার প্রথমে রয়েছে বিজেপি। মোট খরচের ৪৫ শতাংশ একাই ব্যয় করেছে পদ্মশিবির। অনেকটা পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। অন্যদিকে, তিনটি আঞ্চলিক দল বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি ও ডিএমকে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। 

লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচন হয়েছিল। তবে বিজেপির খরচের পরিমাণ আরও বাড়তে পারে বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। কারণ গোয়া, ঝাড়খণ্ড, কর্ণাটক ও মহারাষ্ট্রে বিজেপি কত টাকা খরচ করেছে, সেই সংক্রান্ত যে নথি ও ‘স্ক্যানড’ ছবি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, তা এতটাই অস্পষ্ট যে পড়া সম্ভব হয়নি।

সমীক্ষা অনুসারে, ৩ হাজার ৯০০ কোটি টাকার মধ্যে বিজেপি লোকসভা নির্বাচনে খরচ করেছে প্রায় ১ হাজার ৭৩৮ কোটি টাকা। আর চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে তারা খরচ করেছে ৪১ কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে, লোকসভা নির্বাচন ও চার রাজ্যে ভোট প্রচারের জন্য কংগ্রেস খরচ করেছে প্রায় ৬৮৭ কোটি টাকা। নবীন পট্টনায়েকের দল বিজেডি শুধুমাত্র ওড়িশাতেই লড়াই করেছিল। তারা লোকসভা ও বিধানসভা ভোটে প্রচারের জন্য খরচ করেছে প্রায় ৪১৬ কোটি টাকা। অন্ধ্রে ক্ষমতা হারিয়েছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তারাও লোকসভা ও বিধানসভা নির্বাচনে খরচ করেছিল প্রায় ৩২৯ কোটি টাকা। ডিএমকের খরচ প্রায় ১৬২ কোটি টাকা। লোকসভা নির্বাচনে বাংলার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস খরচ করেছিল প্রায় ১৪৮ কোটি টাকা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন