বরানগর: বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় পুলিস অভিযুক্তদের চিহ্নিত করলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তদন্তকারীরা জেনেছেন, এই ঘটনায় মূল অভিযুক্ত ইন্দাল যাদব। সে দুই সঙ্গীর সঙ্গে বাইকে এসে বিকাশ সিংয়ের উপর গুলি চালিয়েছে। মহিলা সংক্রান্ত পুরনো শত্রুতার জেরেই শনিবার রাতে এই শ্যুটআউটের ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে প্রকাশ্য রাস্তায় হামলার এই ঘটনায় এখন তীব্র আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুর এলাকায় বাড়ির কাছের চায়ের দোকানে চা খাওয়ার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা বিকাশ সিং। তিনি কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে আসা সন্তু দাস নামে এক যুবকের কোমর ঘেঁষে গুলি বেরিয়ে যায়। তিনি ওই চায়ের দোকানের কাছে দাঁড়িয়েছিলেন। দুষ্কৃতীদের দ্বিতীয় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সন্তুর গা ছুঁয়ে বেরিয়ে গেলে তিনিও জখম হন। বিকাশ সিং টেক্সম্যাকো কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। তিনি কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নির্মলা রাইয়ের ঘনিষ্ঠ।
দুষ্কৃতীরা পালানোর সময় ঘটনাস্থলের অদূরে বাইক রেখে চম্পট দিয়েছিল। উদ্ধার হওয়া ওই বাইকের সূত্র ধরে পুলিস জেনেছে, বাইকটি কৃষ্ণ প্রসাদ নামের এলাকার এক ব্যক্তির। তিনি বেশ কিছুদিন আগে তা বিক্কি যাদবকে বিক্রি করে দিয়েছিলেন। বিক্কিকে জেরা করে পুলিস জেনেছে, শনিবার তাঁর জন্মদিন ছিল। সেই জন্মদিনে বেলঘরিয়া পানিট্যাঙ্কির বাসিন্দা ইন্দাল যাদব নিমন্ত্রিত ছিল। যদিও ইদানীং সে এলাকায় থাকত না। নিউটাউন এলাকায় ভাড়ায় থাকত। বেশ কিছুদিন আগে মহিলা সংক্রান্ত ঘটনায় সে জড়িয়ে পড়েছিল। সেই ঘটনার জেরে তাকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা বিকাশ সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে।
ইন্দালও এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তবে, সে কাউন্সিলার নির্মলাদেবীর বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত। বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সে শনিবার রাতে এসেছিল। সেখানে বেশ কিছু সময় ছিল। তবে জন্মদিনের সেলিব্রেশন শুরুর আগেই বিক্কির বাইক ও আরও দুই বন্ধুকে নিয়ে ইন্দাল বেরিয়ে গিয়েছিল। বিকাশের ভাই মুকেশ সিং বলেন, ইন্দালের সঙ্গে দাদার কী ঝামেলা হয়েছিল, জানি না। তবে, ও একটি মেয়েকে উত্ত্যক্ত করেছিল বলে তৃণমূলের ছেলেরা ওকে মেরেছিল। ও এভাবে দাদাকে খুনের চেষ্টা করবে ভাবিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন