ঢাকা ও নয়াদিল্লি: সেনার হাত ধরে বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরতে চাইছেন শেখ হাসিনা। গত কয়েকদিনে এই দাবি ঘিরে সরগরম বাংলাদেশের রাজনীতি। রবিবার এই নিয়ে বিবৃতি জারি করে বাংলাদেশ সেনা স্পষ্ট জানিয়ে দিল, আওয়ামি লিগকে পুনর্বাসন দেওয়া নিয়ে সেনাবাহিনী কোনও পরিকল্পনা করছে না। ছাত্র আন্দোলেনের নেতাদের তৈরি নতুন দল জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-র নেতারা আওয়ামি লিগ ও সেনাকে নিয়ে যে সব দাবি করতে শুরু করেছেন তা নিয়েও কড়া প্রতিক্রিয়া দিয়েছে সেনা। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এনসিপি নেতারা হাস্যকর ও অপরিণত গল্প তৈরি করে চলেছেন। এসব রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছু নয়।’
সম্প্রতি এনসিপির অন্যতম প্রধান নেতা হাসনাত আবদুল্লাহ সমাজমাধ্যমে দাবি করেছিলেন, তিনি ও আরও কয়েকজন নেতাকে সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টে ডেকে পাঠানো হয়। সেখানে ‘সংশোধিত’ রূপে আওয়ামি লিগকে পুনর্বাসন দেওয়ার জন্য তাঁদের উপর চাপ দেন সেনা আধিকারিকরা। তাঁরা জানান, আওয়ামি লিগ ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়। হাসনাতের ওই পোস্ট ছড়িয়ে পড়তেই বাংলাদেশের রাজনীতিতে কার্যত ঝড় বয়ে যায়। অভিযোগ উঠতে শুরু করে, ভারতের মদতেই সেনা আওয়ামি লিগকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন বলেও অভিযোগ ওঠে। ঢাকার সেনা ক্যান্টনমেন্টে ঢুকে বিক্ষোভ দেখানোর চেষ্টা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন