কলকাতা: নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে তদন্ত করবে রাজ্যের গোয়েন্দা দপ্তর সিআইডি। দুর্নীতির অভিযোগ ওঠার পরও তাঁকে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে কেন রাখা হল, সেই প্রশ্ন তুলল হাইকোর্ট। এরপরই বৃহস্পতিবার বিচারপতি নির্দেশ দেন, ৫ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে।
হাওড়ার শিবপুর স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক এবং হাওড়ার তৃণমূল মাধ্যমিক সমিতির জেনারেল সেক্রেটারি তথা তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলাম আগেই আদালতে গিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশে চাকরি গেলেও তাঁকে স্কুলে বহাল রাখা হয়। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও এসেছিল। এরপরও এই অভিযুক্তকে জেলা শিক্ষা দপ্তরের বিশেষ পদে কীভাবে নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।
সোমা রায় এই অভিযোগ তুলে মামলা করেছিলেন হাইকোর্টে। সেই মামলায় আগেই তিন সদস্যের কমিটি গড়ে দেন বিচারপতি। ওই কমিটি গোটা রাজ্যে কোথায় বেআইনি নিয়োগ আছে, তা নিয়ে তদন্ত করছে। সেখানেই সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এদিন মামলা শুরু করার পর ওই শিক্ষক নেতার বিরুদ্ধে অভিযোগ করেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। তিনি জানান, ডিআই-কে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করতে পাঠিয়েছিলেন। এরপরও পুলিশ অভিযোগ নিচ্ছে না। এরপরই হাওড়া সদর থানাকে বিচারপতি নির্দেশ দেন, পাঁচ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন