বর্ধমান: বাংলাদেশি নাগরিকদের নাম বর্ধমান দক্ষিণ কেন্দ্রের ভোটার লিস্টে। অভিযোগ খোদ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের। তাঁর অভিযোগ, অনেকের বিহারের ভোটার লিস্টে নাম আছে আবার এখানেও নাম আছে। বৃহস্পতিবার সকাল থেকেই ভুতুড়ে ভোটার খোঁজার লক্ষ্যে ভোটার লিস্ট নিয়ে পুরসভার ২০ নং ওয়ার্ডের রথতলার নানা এলাকায় বাড়ি বাড়ি ঘোরেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস। খোকন দাস বলেন, ‘কারো কারো বাড়ি বিহারে। সেখানে তাঁরা ভোট দেন। আবার এই রাজ্যেও তাঁরা ভোট দেন। এরই পাশাপাশি আবার কেউ আগে থাকতেন বর্ধমানের সরাইটিকর এলাকার রেলকোচ পঞ্চগড় এলাকায়। এখন বর্ধমান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হয়েছেন। ২ টি জায়গাতেই তাঁদের নাম রয়েছে ভোটার লিস্টে। বর্ধমান ২০ নং ওয়ার্ডে থাকেন রামকুমার চৌধুরী। কর্মসত্রে তিনি বর্তমানে থাকলেও তাঁর কোনো বাসস্থান নেই। অথচ বর্ধমান দক্ষিণ কেন্দ্রের ভোটার লিস্টে যেমন নাম আছে তেমনি বিহারে যেখানে তাঁর বাড়ি সেখানকার ভোটার লিস্টেও তাঁর নাম আছে। তিনি নিজে স্বীকার করছেন এই কথা। এরকম অনেকেই আছেন। আমরা ওখানকার নাম কাটিয়ে দেব। সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কাজ শুরু করেছি। বেশ কয়েকজন এই রকম দুই রাজ্যের তালিকায় নাম আছে চিহ্নিত হয়েছে। ২০ নম্বর ওয়ার্ডের একটা পার্টিতে ৭০-৮০ টা ভুয়া ভোটার আছে বলে অনুমান করা হচ্ছে। আবার অনেকে বাংলাদেশে চাকরি করছেন তবে তাঁর আত্মীয় এখানে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে রেখে দিয়েছেন। এই রকম অনেক বাংলাদেশির নাম এখানকার তালিকায় আছে। আমরা এইসব নাম জেলার নির্বাচন আধিকারিকের কাছে জমা দেব। তদন্ত করে যাতে বাদ দেওয়া হয়।’ এদিকে বিজেপি মুখপাত্র শাহরুখ দে বলেন, ‘তৃণমূল কংগ্রেসের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে আসন্ন ভোটে জিততে পারবে না। তাই হিন্দু ভোটারদের বাংলা ছাড়া করতে হবে। এটার জন্যই এই পরিকল্পনা। বাংলাদেশের নাগরিকদের নাম থাকা নিয়ে আমরা আগেই জানিয়েছি এই রাজ্যে ঢুকেছে। বাংলাদেশি রোহিঙ্গায় ভরে গেছে।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন