ইডেনে ফেন্সিং টপকে বিরাটের কাছে পৌঁছনোর ঘটনাতেই নিরাপত্তার আসল ছবিটা স্পষ্ট: কোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ইডেনে ফেন্সিং টপকে বিরাটের কাছে পৌঁছনোর ঘটনাতেই নিরাপত্তার আসল ছবিটা স্পষ্ট: কোর্ট


 

কলকাতা: ইডেনে ফেন্সিং টপকে তারকা ক্রিকেটার বিরাট কোহলির কাছে পৌঁছে যাওয়ার ঘটনা, নিরাপত্তা ব্যবস্থার আসল চিত্রটাই তুলে ধরেছে। এই ঘটনা কলকাতা পুলিসের চোখ খুলে দেবে। ধৃত ঋতুপর্ণ পাখিরার জামিন নিয়ে সওয়াল শেষে ব্যাঙ্কশাল আদালতের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুনানি শেষে সোমবার শর্তসাপেক্ষে অভিযুক্ত ঋতুপর্ণকে জামিন দেন বিচারক। জামিন পেয়ে বাইরে এসে অভিযুক্ত যুবক বলেন, ‘বিরাটকে প্রণাম করার ইচ্ছে ছিল। করে ফেলেছি।’

ইডেনে উদ্বোধনী ম্যাচের দিন ফেন্সিং টপকে বিরাটের কাছে পৌঁছে যান এক দর্শক। ভারতের প্রাক্তন অধিনায়ককে প্রণামও করে ফেলেন। এরপর ধরা পড়েন তিনি। মাঠে নজরদারি সত্ত্বেও তাঁর ফেন্সিং টপকানোর ঘটনা কেন পুলিসের নজরে এল না তাই নিয়ে প্রশ্ন ওঠে। তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে একদিনের পুলিস হেফাজত হয়। তার মেয়াদ শেষে সোমবার ঋতুপর্ণকে ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কৌস্তভ মুখোপাধ্যায়ের এজলাসে তোলা হয়। সরকারি  আইনজীবী  অভিযুক্তকে পুলিস হেফাজতে চান। কেন তাঁকে হেফাজতে চাওয়া হচ্ছে? আদালত তা জানতে চায়। তখন সরকারি আইনজীবী বলেন, কোহলি একজন ইন্টারন্যাশনাল ফিগার। তাঁর মনঃসংযোগ করতে অসুবিধা হয়েছে। এইচ ব্লকের টিকিট নিয়ে জি ব্লকে  চলে যান ওই যুবক। পুলিস তাঁকে সরিয়ে দিলে তিনি ফের ওই ব্লকে চলে আসেন।

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী মহম্মদ শাহেজাদ হুসেন বলেন, রবিবারের অর্ডার দেখুন। বিরাট কোহলির কী বয়ান আছে? আর আবেগের বশে চলে গিয়েছেন অভিযুক্ত। অন্য কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। সওয়াল শেষে আদালত বলে, অভিযুক্তের কাছে কোনও আগ্নেয়াস্ত্র বা কোনও জিনিস পাওয়া যায়নি। তিনি বিরাটকে ধাক্কা দিয়েছেন, এমন কিছুও ঘটেনি। তবে ওই ব্যক্তি যেভাবে ফেন্সিং টপকেছেন, তাতে অবশ্য নিরাপত্তার আসল চিত্রটা উঠে এসেছে। এই ঘটনা কলকাতা পুলিসের চোখ খুলে দেবে নিশ্চয়। নিরাপত্তা নিয়ে এবার সতর্ক থাকতে হবে। অভিযুক্তের জামিন দিলেও শর্ত বেঁধে দিয়েছে আদালত। নির্দেশে বলা হয়েছে, অভিযুক্ত এবছর কোনও আইপিএল ম্যাচে মাঠে যেতে পারবেন না। তাঁকে ম্যাচের টিকিটও দেওয়া যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন