হরিশ্চন্দ্রপুর: জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় দীর্ঘ ১৯ বছরের সংসার জীবন ছেড়ে গত ১৮ মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার শুরু করেছেন। স্বামী অচিন্ত্য রায় স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। ১৯ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্ত্যর। পালানোর পর ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন দ্রৌপদী। এমনকি স্বামীর হোয়াটস অ্যাপে রিলসও শেয়ার করেন। এতে সামাজিক মর্যাদা ও পরিবারের সম্মান নষ্ট হওয়ায় স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন অচিন্ত্য। তিনি ও পরিবারের সদস্যরা সোমবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয়স্বজনদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবিষ্যতে যাতে গ্রামে এই ধরনের আর কোনও ঘটনা না ঘটে, তাই এই কাজ করেছেন অচিন্ত্য। তাঁর পরিবারের এক সদস্য আশালতা রায় বলেছেন, আমাদের বাড়ির বধূ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। তাই আমরা তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনও ঘটনা না ঘটে, তারই বার্তা দিয়েছি।
অচিন্ত্যর কথায়, পরিবারে কোনও অশান্তি ছিল না। তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রির কাজ করে যা আয় হতো, সবটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাতে ফোনে কথা বলত। আমি অনেক শাসন করেছিলাম। শ্বশুরবাড়িতেও সবকিছু জানিয়েছিলাম। আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড়, বিয়ের অলঙ্কার ও ব্যাঙ্কের ৪০ হাজার টাকা সহ আমার সমস্ত আয় নিয়ে পালিয়ে গিয়েছে। থানায় নিখোঁজ ডায়েরি করি। এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলিস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন