চেন্নাই: জয় দিয়ে আইপিএলের অভিযান শুরু চেন্নাই সুপার কিংসের। রবিবার চিপকে মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারাল তারা। প্রথমে ব্যাট করে মুম্বই ৯ উইকেটে তুলেছিল ১৫৫। জবাবে ৫ বল বাকি থাকতেই জয় পায় চেন্নাই (১৫৮/৬)। চার উইকেট নিয়ে ম্যাচের নায়ক সুপার কিংসের আফগান স্পিনার নুর আহমেদ।
আইপিএলের দুই সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই ও মুম্বই। তাই চিপকে রবিবার লড়াই ছিল সম্মানেরও। তাতে শেষ হাসি হেসেছেন ধোনিরাই। তাছাড়া আইপিএলের প্রথম ম্যাচে মুম্বইয়ের হারের ধারা ২০১৩ সাল থেকে চলে আসছে। এদিন নুর একাই সূর্যকুমার-ব্রিগেডের মেরুদণ্ড ভেঙে দেন। ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত ছিল সূর্যকুমারকে ধোনির স্টাম্প আউট করা। ০.১২ সেকেন্ডের মধ্যে স্টাম্প ভেঙে ৪৩ বছরের মাহি বুঝিয়ে দিলেন, উইকেটের পিছনে তিনি আগের মতোই ভয়ঙ্কর। তবে স্বল্প পুঁজি নিয়েও চেন্নাইকে বেগ দিয়েছে মুম্বই। তার জন্য প্রশংসা প্রাপ্য ভিগনেশ পুথুরের। কেরলের অটোচালকের ছেলে এদিন কেরিয়ারের প্রথম স্বীকৃত ম্যাচ খেলতে নেমেছিলেন। আবির্ভাবেই তিন উইকেট নিয়ে নজর কাড়লেন ২৪ বছর বয়সি বাঁহাতি স্পিনার। যদিও তা মুম্বইয়ের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
রান তাড়ায় চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেন রাচীন ও ঋতুরাজ (৫৩)। তৃতীয় উইকেটে এই জুটি যোগ করে ৬৭ রান। ভিগনেশের ঘূর্ণিতে একটা সময় চাপ বাড়লেও তা সামলে নেন রাচীন। ছক্কা হাঁকিয়ে দলকে জেতান ভারতীয় বংশোদ্ভূত তারকা (অপরাজিত ৬৫)। এদিকে, হার্দিকের অনুপস্থিতিতে মুম্বইকে নেতৃত্ব দিলেন সূর্য। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কোনওক্রমে দেড়শোর গণ্ডি টপকায় অ্যাওয়ে দল। রোহিত তো আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউটের লজ্জার রেকর্ডে দীনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েলকে ছুঁয়ে ফেললেন। তিনজনই ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন। দলের হয়ে সবচেয়ে বেশি রান তিলক ভার্মার (৩১)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন