ইয়াঙ্গন: শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে তছনছ মায়ানমার। এর মধ্যে আতঙ্ক জাগিয়ে আজ, শনিবার ফের কেঁপে উঠল বিধ্বস্ত অঞ্চল। রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৪.৩। আফটার শকের জেরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আরও ভেঙে পড়েছে। জটিল হয়ে উঠেছে ত্রাণ ও উদ্ধারকাজ। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে এক হাজার পার হয়ে গিয়েছে।
ইতিমধ্যে সাগাইং, মান্দালয়, মাগওয়ে, বাগো, ইস্টার শান প্রদেশ এবং নেপি দ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে মায়ানমার সরকার। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন দেশের সামরিক শাসকরা। শনিবার ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়নমারের সামরিক সরকারের প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে পড়শি দেশকে সমস্ত ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি।
সময় যত গড়াচ্ছে ততই উদ্ধার কাজ নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। ভূমিকম্পের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়। অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষকে বের করে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এখনও পর্যন্ত এক হাজার দু’টি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মায়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। জখম আরও ২ হাজার ৩৭৬ জন। এদিকে, আবারও একটি শক্তিশালী ভূমিকম্প হতে পারে, এই আশঙ্কায় অনেক মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন