নিউ মার্কেটে শপিং করতে গিয়ে ঘেমে-নেয়ে কাহিল? আসছে বড় সুখবর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিউ মার্কেটে শপিং করতে গিয়ে ঘেমে-নেয়ে কাহিল? আসছে বড় সুখবর

 


কলকাতা: বিগত ১৫০ বছরের স্মৃতি বিজড়িত কলকাতার নিউ মার্কেট। ১৮৭৪ সালের ১ জানুয়ারি তৎকালীন কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান স্যর স্টুয়ার্ট হগের হাত ধরে গড়ে উঠেছিল এই মার্কেট। এই ঐতিহাসিক মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত সরকারের সংশ্লিষ্ট মহল। স্থানীয় ব্যবসায়ীরাও বাজার সংস্কারের দাবি বারবার তুলে আসছেন। তাই অগ্রাধিকার সহকারে নিউ মার্কেট সংস্কারের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ ২৪৩ টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে বলে সোমবার বিধানসভায় জানিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই কাজ কীভাবে করা হবে, তার সুনির্দিষ্ট দিশা পেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে একটি সমীক্ষা করানো হচ্ছে বলেও জানান ফিরহাদ।

সোমবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কলকাতার নিউ মার্কেটের সংস্কার নিয়ে কোনও পরিকল্পনা আছে কি না, জানতে চান কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এর জবাবে নিউ মার্কেট ও সংলগ্ন এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন পুরমন্ত্রী। তিনি জানান, বর্তমানে ওই চত্বরে হকারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। মার্কেটের ভিতরে কী কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করতে সমীক্ষা হচ্ছে। সমীক্ষার রিপোর্ট হাতে নিয়ে সংস্কারের কাজে নামা হবে। অতিরিক্ত প্রশ্ন করতে গিয়ে অপূর্ববাবু জানান, কাজের সূত্রে তিনি মাঝেমধ্যেই নিউ মার্কেট চত্বরে যান। সম্প্রতি সেখানকার বেশ কিছু ব্যবসায়ী তাঁর কাছে জানতে চান, নিউ মার্কেট কি পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত হবে? তাহলে ক্রেতাদের অনেক সুবিধা হবে। গরমে হাঁসফাঁস করতে হবে না। 

এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘নিউ মার্কেটে ক্রেতাদের যাতে কোনওরকম সমস্যায় না পড়তে হয়, সেই লক্ষ্য নিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’ তাঁর এই বক্তব্যের পর সংশ্লিষ্ট মহল আশাবাদী যে আগামী দিনে নিউ মার্কেট শীতাতপ নিয়ন্ত্রিত হবে। তবে শুধু নিউ মার্কেট নয়, কলকাতা এবং তার আশপাশের এলাকায় জরাজীর্ণ অবস্থায় থাকা বাজার বা মার্কেট কমপ্লেক্সগুলি নিয়েও যে তাঁরা যথেষ্ট চিন্তিত, স্পষ্ট করে দিয়েছেন ফিরহাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন