কলকাতা: দোল উৎসবের আবহে রাজ্যের অস্থায়ী বাসচালক ও কন্ডাক্টরদের জন্য সুখবর নিয়ে এল নবান্ন। আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাসচালকদের বেতন একলাফে বাড়ল অনেকটাই। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন চাকরিতে ঢুকলেই ড্রাইভার পদে সর্বনিম্ন বেতন হবে ১৬ হাজার টাকা, যা এতদিন ছিল ১৩ হাজার ৫০০।
চুক্তিভিত্তিক বাসচালকদের সর্বোচ্চ বেতন ধার্য হয়েছে ৩৮ হাজার টাকা। একইসঙ্গে কর্মজীবনের মেয়াদ অনুযায়ী পাঁচটি ক্যাটিগরিতে ড্রাইভারদের বর্ধিত বেতন স্থির করা হয়েছে। অর্থাৎ, ড্রাইভার পদে পাঁচ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন হাজার হাজার বাসচালক। দু’দশক কাজ করলেও কার্যত একই বেতন মিলত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এতদিনে চুক্তিভিত্তিক বাসচালকদের মুখে হাসি ফুটল। সূত্রের দাবি, সরকারি বাসের কন্ডাক্টরদের জন্যও এক ফর্মুলায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। অর্থদপ্তরের তরফে প্রাথমিক অনুমোদন মিলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তবে বাসচালকদের বেতন বৃদ্ধির আদেশনামায় বৃহস্পতিবারই স্বাক্ষর করেছেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে। অর্থাৎ ড্রাইভাররা মার্চের বেতনের সঙ্গে এরিয়ার হিসেবে তিন মাসের বর্ধিত টাকা হাতে পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন