নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে বুঁদ হয়ে থাকে ক্রিকেট বিশ্ব। ৮ থেকে ৮০ সবাই মজে থাকে এই ক্রিকেট লিগে। স্বাভাবিকভাবেই ম্যাচের সময় স্টেডিয়ামে এবং সম্প্রচারকারী চ্যানেলে নানা ধরনের বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। এর কুপ্রভাব থেকে আইপিএলকে মুক্ত করতে এবার আসরে নামল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাদের তরফ থেকে বলা হয়েছে, স্টেডিয়াম এবং ম্যাচ সম্প্রচারের সময় কোনও তামাক ও মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেখানো যাবে না।
অনেক সময় দেখা যায়, কৌশলে মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন এড়িয়ে নির্দিষ্ট সংস্থা নিজেদের ব্রান্ডের প্রচার করে। সেই ধরনের বিজ্ঞাপনও দেখানো যাবে না। যে মাঠে খেলা হবে, সেই মাঠের আশেপাশেও কোনও তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। কোনও ক্রিকেটার বা ধারাভাষ্যকার এই ধরনের বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন না।
স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে আইপিএল কর্তৃপক্ষকে সোমবার চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল, আইপিএলের সময় তামাক এবং মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করতে হবে। আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমলকে এই চিঠি দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। যেখানে বলা হয়েছে, ‘মাদক, তামাকজাত বিভিন্ন দ্রব্য থেকে মানুষের শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। যেমন ক্যানসার, ফুসফুসের নানাবিধ রোগ ইত্যাদি। এই ধরনের অসুখে দেশে বিদেশে প্রচুর লোকের মৃত্যুও হয়ে থাকে। সেই কথা মাথায় রেখে আইপিএলের সময় এই ধরনের বিজ্ঞাপন দেখানো বন্ধ করা উচিত।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন