নয়াদিল্লি: ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে অনেকটা এগিয়ে গেল এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। এয়ারটেলের সঙ্গে এনিয়ে তাদের চুক্তিও হয়ে গিয়েছে। যদিও ভারতে পরিষেবা চালুর বিষয়ে সরকারের অনুমতি নিতে হবে মাস্কের সংস্থাকে। বর্তমান প্রেক্ষাপটে এই ছাড়পত্র পেতে তাদের সমস্যা হওয়ার সম্ভাবনা কম বলেই মত বিশেষজ্ঞদের।
মঙ্গলবার এয়ারটেলের তরফে এক প্রেস বিবৃতিতে স্পেসএক্স-এর সঙ্গে তাদের গাঁটছড়ার বিষয়টি ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, ভারতে স্টারলিঙ্কের সরঞ্জাম বিক্রি করবে এয়ারটেল। সম্ভবত সেগুলি তাদের স্টোর্স থেকে কেনা যাবে। এছাড়া বাণিজ্যিক সংস্থাগুলিকেও স্টারলিঙ্কের পরিষেবা দেবে এয়ারটেল। পাশাপাশি গ্রামীণ এলাকায় স্কুল, স্বাস্থ্য কেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলিতে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে এয়ারটেল ও স্পেসএক্স। সূত্রের খবর, ভারতে এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করবে স্পেসএক্স। পরিবর্তে এয়ারটেল নিজেদের নেটওয়ার্ক উন্নত করতে স্টারলিঙ্ককে কাজে লাগাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন