কলকাতা: ফাল্গুনেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। এই সপ্তাহের শেষে দোল-হোলি উৎসবের সময় চড়া গরম পড়ে যাবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। সপ্তাহের শেষে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে। জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও বেশি থাকবে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। আজ সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়তে থাকবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
বর্ধমান, বাঁকুড়া, বীরভূম পুরুলিয়া প্রভৃতি জেলাতে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রির আশপাশে ছিল। ঝড়-বৃষ্টি হলে গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলত। কিন্তু সেরকম অবস্থা দক্ষিণবঙ্গে আপাতত নেই বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। কালবৈশাখী হওয়ার জন্য আবহাওয়া মণ্ডলে যে পরিস্থিতি থাকা দরকার, তা এখন নেই। উত্তরবঙ্গে দার্জিলিং-কালিম্পং ও সমতলের সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার থেকে কয়েকদিন কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন