কলকাতা: সিপিএমের একমাত্র কাউন্সিলারও নাম লেখালেন তৃণমূলে। ফলে বিরোধীশূন্য হয়ে গেল উত্তর দমদম পুরসভা। রবিবার উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নিমতা মাঝেরহাটির ভোটার তালিকা সংক্রান্ত একটি বৈঠক ডেকেছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার সন্ধ্যারানি মণ্ডলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন চন্দ্রিমাদেবী।
যোগদান পর্বে উপস্থিত ছিলেন পুরপ্রধান বিধান বিশ্বাস। চন্দ্রিমা বলেন, ‘সিপিএম কাউন্সিলার তৃণমূলে আসার ইচ্ছাপ্রকাশ করে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠির ভিত্তিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলা হয়। তারপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে সন্ধ্যারানি মণ্ডলকে দলে যোগদান করানো হয়েছে। উত্তর দমদম পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নকে ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য।’ সন্ধ্যাদেবী জানান, ‘সিপিএমে থেকে কাজ করা যাচ্ছিল না। তাই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলাম।’
প্রসঙ্গত, উত্তর দমদম পুরসভার ৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩৩টি ওয়ার্ড তৃণমূলের দখলে ছিল। এদিন একমাত্র বাম কাউন্সিলার তৃণমূলে যোগদানের ফলে বিরোধীশূন্য হয়ে গেল এই পুরসভা। একটা সময় এই এলাকায় সিপিএমের একচ্ছত্র আধিপত্য ছিল। দীর্ঘদিন পুরসভা চালিয়েছে সিপিএম। কিন্তু পরিবর্তনের বাংলায় এই পুরসভা এলাকায়ও সিপিএমের শক্তি ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। যার সর্বশেষ সংযোজন কাউন্সিলরের দলত্যাগ। তৃণমূল নেতৃত্ব বলছে, শনিবার রাজ্য সিপিএম তাদের ফেসবুক পেজে লাল রংয়ের বদলে নীল এনেছে। তার ২৪ ঘণ্টার মধ্যে ‘লাল-পার্টি’ ছাড়লেন জনপ্রতিনিধি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে অন্যান্য পুরসভাতেও সিপিএমে ভাঙন ধরবে বলে মনে করছে তারা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন