নয়াদিল্লি: আমেরিকার শুল্কযুদ্ধের আবহে সোনার দাম ফের নতুন রেকর্ড গড়ল। বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার ১০ গ্রামের খুচরা দর পৌঁছায় ৮৭ হাজার ৪০০ টাকায়। আগের দিন বুধবার বাজারে সোনার দর ছিল ৮৬ হাজার ৮৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে।
গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন পৌঁছে গিয়েছে ৮৩ হাজার ৫০ টাকায়। বৃহস্পতিবার দিল্লিতে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর ছিল ৮৯ হাজার ৪৫০ টাকা। এই দামের সঙ্গে ৩ শতাংশ হারে জিএসটি যুক্ত হবে।
সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। শুক্রবার কলকাতায় কেজি প্রতি রুপোর খুচরা দর ছিল ৯৮ হাজার ৭৫০ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা যেভাবে পণ্য আমদানির উপর শুল্ক চাপাচ্ছে, তার জেরে বাজার অশান্ত হয়ে আছে। তাই তুলনামূলক কম ঝুঁকির বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন লগ্নিকারীরা।
অন্যদিকে, আমেরিকায় মূল্যবৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় ফেডারেল রিজার্ভ রেপো রেট কমাতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এর ফলে লগ্নির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে সোনার বাজারে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন