কেমন ঘটছে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা? অবশেষে পর্দাফাঁস! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

কেমন ঘটছে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা? অবশেষে পর্দাফাঁস!

 


কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের নোটিফিকেশন এখন মোবাইলেই আসে। সেকাজের জন্যই একটি বেসরকারি ব্যাঙ্কের গুরুগ্রাম শাখা নিয়োগ করেছিল ‘থার্ড পার্টি’ সংস্থাকে। সেই কোম্পানির এক অস্থায়ী কর্মীই ব্যাঙ্কের কম্পিউটার থেকে গ্রাহকদের অ্যাকাউন্ট ডিটেইলসের ছবি তুলে পাচার করে দিয়েছিল জালিয়াতদের কাছে। তার সুবাদেই হাজার খানেক গ্রাহকের থেকে প্রতারকরা হাতিয়ে নেয় প্রায় আড়াই কোটি টাকা। ১৮ মাস ধরে চলা এই জালিয়াতির পর্দাফাঁস হয়েছিল করোনাকালে, প্রথম লকডাউনের ঠিক ছ’দিন আগে।

সেই ঘটনার পর পাঁচ বছর কেটে গিয়েছে। করোনাকালের জেরে গোটা দেশে জোয়ার এসেছে ডিজিটাল লেনদেনের। পাল্লা দিয়ে শিখরে সাইবার জালিয়াতিও। ব্যাঙ্ক ম্যানেজার সেজে ফোন থেকে ডিজিটাল অ্যারেস্ট—এসবের মাধ্যমে গত চার বছরে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকরা হাতিয়ে নিয়েছে ৩৩ হাজার ১৬৫ কোটি টাকা। এর মধ্যে ২২ হাজার ৮১২ কোটিই শুধু ২০২৪ সালে। এমনই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের। ফলে মাথাব্যথা বেড়েছে গোয়েন্দাদের। তদন্তে নেমে অনলাইন প্রতারণার নেপথ্যে ব্যাঙ্কের অস্থায়ী কর্মীদেরই হাত দেখতে পাচ্ছেন তাঁরা। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়েছে অমিত শাহের মন্ত্রকে। সূত্রের খবর, তাতে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে ব্যাঙ্কের আউটসোর্সিং স্টাফ ও ব্যাঙ্কে কাজের বরাত পাওয়া ‘থার্ড পার্টি’ সংস্থার কর্মীদের একাংশকে। এ যেন সর্ষের মধ্যেই ভূত!

গোয়েন্দা সংস্থার দাবি, রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সব ব্যাঙ্কই এখন আউটসোর্সিং স্টাফ (অস্থায়ী কর্মী) তথা বাইরের বিভিন্ন এজেন্সিকে দিয়ে কাজ করায়। সংশ্লিষ্ট শাখার বিভিন্ন কম্পিউটারের ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকে তাঁদের কাছে। সেই অস্থায়ী কর্মীদের একাংশ ব্যাঙ্কে বসেই, কাজের অছিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে ‘লগ ইন’ করছে। সহজেই সংরক্ষিত নথির নাগালও পেয়ে যাচ্ছে। ওই কর্মীদের একাংশের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে সাইবার জালিয়াতরা। তারপর মোটা টাকার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে গ্রাহকের অ্যাকাউন্ট ও ফোন নম্বর সহ বিভিন্ন গোপন তথ্য। তার জেরেই বাড়ছে অনলাইন প্রতারণার রমরমা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন