জীবনতলা : সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার চুটিয়ারি শরিফের গৌড়দহ খোঁজপুরপাড়ায় স্বামী সচ্চিদানন্দ সমাদ্দারের বিবাহ বহির্ভূত সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করায় সরব হয়েছিলেন এক বধূ। এরপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে স্বামীর প্রেমিকার বিরুদ্ধে। ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে খোঁজপুর এলাকার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, গৌড়দহ খোঁজপুরের এলাকার বাসিন্দা সচ্চিদানন্দ সমাদ্দার, স্ত্রী ক্রান্তি ও ২ সন্তানকে নিয়ে থাকতেন। কর্মসূত্রে বাইরে থাকার সময় তিনি সোনারপুর এলাকার চন্দনা মিস্ত্রি নামে এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হতেই ক্রান্তি প্রতিবাদ জানান। ফলে সচ্চিদানন্দ প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ও স্ত্রীর সঙ্গে দূরত্ব বজায় রাখেন। কিছুদিন আগে চন্দনা সচ্চিদানন্দের খোঁজ নিতে গ্রামে এসেছিলেন ও স্থানীয় পঞ্চায়েতে খোঁজখবর নিয়েছিলেন।
এরপর সচ্চিদানন্দ স্ত্রীকে ফোন করে সাবধান থাকতে বলেন ও জানান চন্দনা তাঁর ক্ষতি করতে পারে। সোমবার রাতে ক্রান্তি যখন বাড়ির বাইরে শৌচালয়ে যান সেই মুহূর্তে উৎপল মণ্ডল ও চন্দনা অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। ক্রান্তির মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে আসেন। স্থানীয়দের আসতে দেখে হামলাকারীরা তড়িঘড়ি পালিয়ে যায়। তবে স্থানীয়রা উৎপল মণ্ডলকে ধরে ফেলে ও তার কাছ থেকে ১টি ছুরি উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় ক্রান্তিকে প্রথমে চুটিয়ারি শরিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়। পুলিশ পলাতক চন্দনা মিস্ত্রির খোঁজে তল্লাশি শুরু করেছে।-ছবি- এআই

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন