ভুয়ো সিম কাণ্ডে কলকাতা পুলিশের জালে আরও দুই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ মার্চ, ২০২৫

ভুয়ো সিম কাণ্ডে কলকাতা পুলিশের জালে আরও দুই

 



কলকাতা: ভুয়ো সিম কাণ্ডে গত ফেব্রুয়ারি মাসে কলকাতা থেকে পুলিশের জালে ধরা পড়ে ৮ জন। এবার এই তালিকায় যোগ হল আরও ২ জন। কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করেই এই দুজনের সন্ধান পায় তদন্তকারীরা। একজনকে পিকনিক গার্ডেন রোড থেকে এবং অন্যজনকে গিরিশ পার্ক থানা এলাকার বিধান সরণি থেকে গ্রেপ্তার করা হয় বলে লালবাজার সূত্রে খবর। সদ্য যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম শুভেন্দু গায়েন এবং জিতেন্দ্র আগরওয়াল। এদের কাছ থেকে ১ হাজার ২৭৪টি চালু সিম এবং ৩টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়েছে পুলিশ।

শুধু শুভেন্দুর থেকে উদ্ধার হয়েছে একাধিক টেলিকম সংস্থার বারোশোর বেশি সিম, প্রায় ২ লক্ষ নগদ টাকা, মোবাইল ফোন। পুলিশ জেনেছে, গ্রাহকদের নথি হাতিয়ে বা ভুয়া নথি তৈরি করে সিম পাচার করতেন শুভেন্দু। প্রতারকদের কাছ থেকে সেই সিমের বিনিময় মোটা টাকাও নিতেন তিনি।

জিতেন্দ্র বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মোবাইলের দোকান রয়েছে। তার কাছ থেকে ৫০-এর বেশি সিম কার্ড, ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুভেন্দুর কাছ থেকে ওই চালু সিমগুলি নেওয়ার কথা ছিল জিতেন্দ্রেরই। ধৃতদের মঙ্গলবারই আদালতে পেশ করা হয়। মনে করা হচ্ছে, শুধুমাত্র এই ১০ জন নয়, আরও একাধিক ব্যক্তি সিম পাচারের সঙ্গে যুক্ত। এটি একটি বড় চক্র।

গত মাসেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক একটি রিপোর্টে দাবি করেছিল, বেআইনি সিমের ব্যবহারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। গত পাঁচ বছরে বাংলায় এই ধরনের ১০ লাখ ৫৯ হাজার ৯৩টি সিম কার্ড বাতিল করা হয়েছে। মন্ত্রকের দাবি, পশ্চিমবঙ্গের ৪ লাখ ৫ হাজার ৩০৭ জনের নামে ৯টি করে সিম কার্ড রয়েছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন