কলকাতা: মাঝারি থেকে অল্প বৃষ্টির জেরে কলকাতায় কমেছে তাপমাত্রা। গত সপ্তাহের শুরুতে শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রির আশেপাশে। তবে চলতি সপ্তাহের শুরুতে তা অনেকটা কম। গতকাল, রবিবারও তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির নীচে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সন্ধ্যা পর্যন্ত কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়নি। পাশাপাশি, সোমবার থেকে কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৩ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ৫.৩ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি, এটি স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। তবে, সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে ফের বাড়বে বলে অনুমান করছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশে মেঘ না-থাকায় চড়া রোদ উঠবে। এর জেরে বাড়বে তাপমাত্রা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন