কলকাতা: দোল উপলক্ষ্যে আগামী কাল শুক্রবার সকালের দিকে শহরের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। বেলা বাড়লে কয়েকটি মেট্রো পথ সচল হবে। একাধিক রুট গোটা দিনের জন্য বন্ধ থাকবে। কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে শুক্রবার দুপুর আড়াইটে থেকে মেট্রো পরিষেবা চালু হবে। তবে দিনের শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। অন্যদিকে, দুপুর ৩টে থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের অন্তর্গত জোড়া লাইনে যাত্রী নিয়ে রেক ছোটা শুরু হবে। এছাড়া দিনের শেষ মেট্রো পরিষেবা কাল পৌনে এক ঘণ্টা এগিয়ে আসবে। দিনের একটা বড় অংশ বন্ধ থাকায় সংশ্লিষ্ট তিনটি রুটে পরিষেবার সংখ্যা কমবে। পাশাপাশি কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় এবং জোকা-মাঝেরহাট রুট দোলের দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। সবমিলিয়ে কাল শহরের মেট্রো চলাচলে গুচ্ছ বদল আসছে।
নর্থ-সাউথ রুটে সারাদিনে ২৬২টি মেট্রো পরিষেবা চলে। শুক্রবার পরিষেবার সংখ্যা ২০২টি কমতে চলেছে। দুপুর ২টো ৩০ মিনিটে চালু হওয়া করিডরে শুক্রবার মাত্র ৬০টি পরিষেবা মিলবে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো রেক দু’টি যথাক্রমে রাত ৯টা ২৮ মিনিট ও রাত ৯টা ২৯ মিনিটে ছাড়বে। কলকাতা হাইকোর্টের নির্দেশে রেল সোমবার থেকে শুক্রবার নাইট সার্ভিস হিসেবে রাত ১০টা ৪০ মিনিটে কবি সভাষ থেকে দমদমের মধ্যে বিশেষ মেট্রো পরিষেবা চালায়। দোলের দিনে সেটি চলবে কি না, তার স্পষ্ট লিখিত তথ্য প্রেস বিবৃতিতে জানান হয়নি। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ রুটে সকাল ৭টার বদলে শুক্রবার দুপুর তিনটের সময় পরিষেবা চালু হবে। দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট প্রান্তিক স্টেশন থেকে রাত ৮টায় ছেড়ে যাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন