টরন্টো: কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। কুর্সিতে বসার আগে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার বার্তা দিলেন লিবারেল পার্টির নতুন দলনেতা। কার্নি বলেন, ‘সমমনস্ক দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বৈচিত্রময় করতে আগ্রহী কানাডা। ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের একাধিক সুযোগ রয়েছে। তার জন্য আমাদের একে অপরের মূল্যবোধকে সম্মান জানাতে হবে। প্রধানমন্ত্রী পদে বসার পর আমি অবশ্যই নতুন করে সম্পর্ক তৈরির সুযোগ খুঁজব।’
ট্রুডোর আমলে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় নয়াদিল্লিকে দায়ী করেছিলেন কানাডার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। শুরু থেকেই যাবতীয় অভিযোগ নাকচ করে এসেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি ট্রুডো প্রশাসন। বিতর্কের জেরে কূটনীতিকদের ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত ও কানাডা। আন্তর্জাতিক মহলের মতে, এই আবহে কার্নির এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন