নয়াদিল্লি: নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা এবার উঠে এল সংসদেও। প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বললেন, ঘটনার রাতে স্টেশনের কোনও সিসি ক্যামেরা বন্ধ হয়নি। আমার নিজের কাছেই তার ফুটেজ আছে। সেইসব আমি দেখেছি। ঘটনার তদন্ত এখনও চলছে। ফলে এখানে কোনও রাজনীতি করার জায়গা নেই।
এদিন রাজ্যসভায় রেলওয়েজ সংশোধনী বিল, ২০২৫ পাস হয়েছে। সোমবার বেলা ২টো থেকে এই বিলের উপরই সংসদের উচ্চ কক্ষে আলোচনা শুরু হয়। তাতে অংশ নিয়েই আরজেডি এমপি মনোজ ঝা নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন।
অভিযোগ করেন, প্রকৃত সত্য আড়াল করতেই সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। আলোচনা শেষে জবাবি ভাষণে এরই তীব্র প্রতিবাদ করেন রেলমন্ত্রী। হারান মেজাজও। যদিও কবে নাগাদ এই ঘটনার তদন্ত রিপোর্ট পেশ হবে, পদপিষ্টের প্রসঙ্গ উঠলেও এর কোনও উল্লেখ এদিন অশ্বিনী বৈষ্ণবের জবাবি ভাষণে ছিল না।
সংসদে অন্য একটি প্রশ্নে রেলমন্ত্রী জানান, ভারতীয় রেলের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে ২০১৪ সালের পর। রেলে নিয়োগ কিংবা সুরক্ষা খাতে অর্থ বরাদ্দের মতো একাধিক গুরুতর বিষয়ে পূর্বতন ইউপিএ জমানার তুলনায় মোদি সরকার অনেক এগিয়ে রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন