কলকাতা: এবার হোলি ও বসন্তোৎসবে চিনা পণ্যের বাজার অনেকটাই কমানো গিয়েছে বলে দাবি করল ব্যবসায়ী মহল। চলতি বছরে হোলি ও দোলযাত্রাকে কেন্দ্র করে দেশে প্রায় ৬০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে বলে দাবি ব্যবসায়ী সংগঠনের। গত বছর এই অঙ্ক ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকার। অর্থাৎ এবার ২০ শতাংশ বাজার বৃদ্ধির কথা জানিয়েছে দেশের অন্যতম বড় এই সংগঠন। তবে এর মধ্যে চিনা পণ্যের বাজার মেরেকেটে ১০ হাজার কোটি টাকার হতে পারে বলে মনে করা হচ্ছ। অর্থাৎ ছ'ভাগের একভাগ বাজারেই তাদের আটকে রাখা সম্ভব হয়েছে। এর আগে চিনা পণ্যের বাজার অনেকটাই বেশি ছিল বলে জানায় কনফেডারেশন। তবে সাম্প্রতিককালে তাতে লাগাম পরানো সম্ভব হয়েছে বলে তাদের দাবি।
ট্রেডারদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের কর্তাদের বক্তব্য, গোটা দেশে এবার বেশ কয়েক হাজার ছোট অনুষ্ঠান হয়েছে, যেখানে সংগঠিতভাবে হোলি উদযাপন হয়েছে। এই সর্বভারতীয় উৎসবকে কেন্দ্র করে যাতে দেশীয় পণ্য বিক্রির উপর জোর দেওয়া হয়, তার জন্য ট্রেডারদের কাজে আগেই আর্জি জানানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ক্রেতাদের মধ্যেও বাড়ানো হয়েছে সচেতনতা। তারই সুফল মিলেছে বলে দাবি করেছেন কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল।
উৎসবকেন্দ্রিক ব্যবসার অন্যতম উপকরণ যে আবির, রং ও পিচকারি ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ব্যবসার মূল দায়িত্বে ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, ব্যাঙ্কোয়েট বা অনুষ্ঠান স্থলের ভাড়া থেকে শুরু করে পোশাক, ফুল ও উপহার। সঙ্গে ছিল খাওয়াদাওয়া পানীয় ও মিষ্টির খরচ। তবে হোলি বা দোলকে কেন্দ্র করে গৃহস্থালির প্রয়োজনীয় বৈদ্যুতিন যন্ত্রপাতি থেকে শুরু করে ভোগ্যপণ্যের উপর হরেক অফার চালু রাখে দেশজুড়ে নানা সংস্থা। অফার থাকে ই-কমার্স সংস্থাগুলির তরফেও।ফলে সেসব পণ্যের বিক্রিবাটা হোলিকোন্দ্রিক ব্যবসার বড় অংশ দখলে রেখেছে বলে দাবি করেছে ব্যবসায়িক সংগঠনটি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন