কলকাতা: শনিবার আইপিএলের প্রথম ম্যাচ রয়েছে কলকাতায়। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর এই ম্যাচ নিয়ে খুব একটা আশারবাণী শোনাতে পারছে না। কারণ আগামী কয়েক দিন কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে। কলকাতাও তার ব্যতিক্রম নয়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই
ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা
থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৬০
কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদেরা। বৃষ্টি
চলবে শনিবারও।
কালবৈশাখী সাধারণত দুপুর বা বিকেলের পর হয়ে থাকে। ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ফলে ঝড়বৃষ্টি হলে ওই সময়ে খেলা ভেস্তেও যেতে পারে। আগামী চার দিনের জন্য বিশেষ বুলেটিন প্রকাশ করেছে হাওয়া অফিস। শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে শনিবারও। দুর্যোগ চলবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির সঙ্গে এই সমস্ত জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন